২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়নাল হাজারীর সাবেক সহকারী গ্রেপ্তার

সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীর সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) মামুনুর রশিদ মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 01:46 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ফেনী, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীর সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) মামুনুর রশিদ মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা শহরের মহিপালে নিজের বাসা থেকেই মিলনকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান। মিলনকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, দাগনভূঁঞার চাঞ্চল্যকর চন্দ্রপুর হত্যা মামলার অন্যতম আসামি মিলন। ২০০১ সালের আগস্ট মাসে এক দল সন্ত্রাসী চন্দ্রপুর গ্রামে হামলা চালিয়ে ব্যাপক গোলাগুলি ও লুটতরাজ চালায়। ওই সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় তিন শিশু। মিলনের বাবা আব্দুর রাজ্জাকসহ পরিবারের প্রায় সব সদস্য গ্রিসে বসবাস করেন। মিলন ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত জয়নাল হাজারীর ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করেন। তিনি শহরের ট্রাংক রোডের যমুনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৫ ঘ.