ময়মনসিংহ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলার ঘটনায় ময়মনসিংহে দায়ের করা সাতটি মামলায় বাংলাভাইয়ের স্ত্রীসহ ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ময়মনসিংহের চতুর্থ অতিরিক্ত দায়রা জজ মাইনুল হকের আদালতে মামলাগুলোর অভিযোগ গঠন হয়।
এ সময় বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমা, জেএমবির আঞ্চলিক কমান্ডার সালাহউদ্দিন ওরফে সালেহীন ও জেএমবি সদস্য আসাদুজ্জামান পনিরসহ অভিযুক্তরা আদালতে হাজির ছিলেন।
এদের বিরুদ্ধে ১৭ আগস্ট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, জেলা আইনজীবী সমিতি ভবন, ময়মনসিংহ প্রেসক্লাব, পাট গুদাম সেতুর মোড়, চরপাড়া মোড়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন সরকারি কলেজ চত্বরসহ ১১টি স্থানে বোমা হামলা এবং জঙ্গিদের মদদদান ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর পুলিশ বাদি হয়ে মামলাগুলো করে।
অভিযুক্ত অন্যরা হচ্ছে মাসুদ, কাউসার, আমানউল্লাহ, মহিবুল্লাহ, মাহমুদুল, ইব্রাহিম, মাহমুদুল হাসান, ইব্রাহিম, জামালউদ্দিন, সাখাওয়াত হোসেন, জামানুর ক্বারী, নিজামউদ্দিন, মাসুদুর রহমান, আবুল হাসেম, তোফাজ্জল হোসেন, ইয়াসীন, মীর হোসেন, কামরুজ্জামান, ওমর ফারুক ও মোস্তাফিজুর রহমান।
বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমা, জেএমবি নেতা সালেহীন ও পনিরকে বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ময়মনসিংহ কারাগারে আনা হয়।
২০০৬ সালের ৬ মার্চ ময়মনসিংহ শহরের আর কে মিশন রোডের একটি বাসা থেকে সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের শিশুপুত্রসহ স্ত্রী ফাহিমাকে র্যাব-৯ এর সদস্যরা গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মুক্তাগাছা উপজেলার রামপুর গ্রামের জনৈক চান মিয়ার বাড়ি থেকে বাংলা ভাইকে এক দেহরক্ষীসহ গ্রেপ্তার করা হয়।
ঝালকাঠিতে বিচারক হত্যা মামলায় চলতি বছরের ২৯ মার্চ জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ ছয় শীর্ষ জঙ্গির ফাঁসির রায় কার্যকর করা হয়। এর মধ্যে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বাংলা ভাই ও আব্দুল আউয়ালকে ফাঁসিতে ঝোলানো হয়।
জামালপুর জেলায় দুটি হত্যা মামলার রায়ে জেএমবি নেতা সালেহীনকে ইতোমধ্যে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৬ ঘ.
bdnews24