ফরিদপুর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মধুখালী উপজেলা সদরে ঢাকা-খুলনা মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে একটি মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও আট জন আহত হয়েছেন। হতাহতরা সবাই মাইক্রোবাস আরোহী।
নিহতরা হলেন, আবুল কাশেম(৫৫) ও মোশাররফ হোসেন(৬২)।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালালউদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে উপজেলা সদরের রেজিস্ট্রি অফিসের সামনে ঢাকা থেকে সাতক্ষীরাগামী মাইক্রোবাসটির সঙ্গে খুলনা থেকে ঢাকাগামী ওই ট্রাকের সংঘর্ষ হয়। এতে কাশেম ও মোশাররফ ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় আহতদের মধ্যে মাইক্রোবাস আরোহী আবুল হোসেন(৬২), আব্দুল আউয়াল(৬০) ও আমির হোসেনকে(৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মধূখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয় বলে ওসি জালালউদ্দিন জানান।
তিনি আরো জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে।
মধুখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার জহিরুল ইসলাম জানান, মাইক্রোবাসটি নিকুঞ্জ লিজিং কোম্পানি নামে এক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সাতক্ষীরা যাচ্ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫০ ঘ.
bdnews24