২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাহান চৌধুরী ও ফয়সাল মোরশেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

সাংসদ কোটায় গাড়ি কেনায় দুর্নীতির মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 07:33 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাংসদ কোটায় গাড়ি কেনায় দুর্নীতির মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। অভিযোগ গঠন শুনানির ধার্য দিন বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মীর্জা মোহাম্মদ আইয়ূব আলী আগামী ২৯ অক্টোবর শুনানির নতুন দিন ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলার দুই আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম জহিরুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগ গঠনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ না হওয়ায় তারিখ পেছানোর আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করে। ওইদিন আসামিদের অনুপস্থিতিতেই অভিযোগ গঠনের শুনানি শুরু হবে। দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম গত ১ অক্টোবর সাতকানিয়া থেকে নির্বাচিত সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং এবি ব্যাংকের চেয়ারম্যান ও প্যাসিফিক মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মোরশেদকে অভিযুক্ত করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সাংসদ কোটায় একটি বিলাসবহুল গাড়ি আমদানির ক্ষেত্রে শাহজাহান চৌধুরী আর্থিক দুর্নীতি ও সম্পত্তির উৎস গোপন করেন এবং এতে সহায়তার করেন ফয়সাল মোরশেদ খান। গত ১ জুলাই দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রামের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে বন্দর থানায় শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এজাহারে ফয়সাল মোরশেদের নাম না থাকলেও তদন্ত শেষে অভিযোগপত্রে তার নাম যুক্ত করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩২৬ ঘ.