২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা-খালেদার বাসভবনে নিত্যসঙ্গী এখন নির্জনতা

শেখ হাসিনার বাসভবন 'সুধা সদন' ও খালেদা জিয়ার শহীদ মইনুল সড়কের বাসভবনে এবার ঈদ আনন্দের কোনো ছাপ পড়েনি। মানুষের আনাগোনা তেমন নেই সেখানে। নেই পুলিশি নিরাপত্তাও। চারপাশের গার্ড রুমগুলো ফাঁকা। মাঝে-মধ্যে বাড়ির নির্জনতা আড়মোড়া ভাঙে দোয়েল, শালিক আর কাকের ডাকে। গত ১৬ জুলাই শেখ হাসিনা ও ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পরপরই বদলে গেছে বাড়ি দুটির দৃশ্যপট। সোমবার সকাল সাড়ে ১০টায় সুধা সদনের সামনে গিয়ে দেখা যায়, বাসার প্রবেশ পথে বসানো মেটাল ডিটেক্টরটি নেই। প্রবেশ সড়কের ওপরের নিরাপত্তা বেষ্টনীও সরিয়ে রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2007, 09:03 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৫(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বাসভবন 'সুধা সদন' ও খালেদা জিয়ার শহীদ মইনুল সড়কের বাসভবনে এবার ঈদ আনন্দের কোনো ছাপ পড়েনি। মানুষের আনাগোনা তেমন নেই সেখানে। নেই পুলিশি নিরাপত্তাও। চারপাশের গার্ড রুমগুলো ফাঁকা। মাঝে-মধ্যে বাড়ির নির্জনতা আড়মোড়া ভাঙে দোয়েল, শালিক আর কাকের ডাকে। গত ১৬ জুলাই শেখ হাসিনা ও ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পরপরই বদলে গেছে বাড়ি দুটির দৃশ্যপট। সোমবার সকাল সাড়ে ১০টায় সুধা সদনের সামনে গিয়ে দেখা যায়, বাসার প্রবেশ পথে বসানো মেটাল ডিটেক্টরটি নেই। প্রবেশ সড়কের ওপরের নিরাপত্তা বেষ্টনীও সরিয়ে রাখা হয়েছে। ধানমণ্ডি লেকের পাশে অস্থায়ী পান দোকানদার মো. শফিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে নেত্রী যখন ছিলেন, এখানে কয়েক শ কাপ চা বিক্রি হতো। এখন ব্যবসার আকাল চলছে। নেত্রী নেই বলে আর কেউ এখানে আসেন না।" সুধা সদনের সামনের আঙিনায় পেঁপে গাছে ফল ধরেছে। দোতলার বারান্দায় টবে লাগানো অর্কিড গাছে ফুটেছে বেগুনি আর হলুদ রঙের ফুল। কিন্তু বাড়ির কোনো মানুষজন দেখা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মী জানান, বাসায় শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়া আছেন। তবে শরীরটা তার বেশি ভালো নয়। দেখা করা যাবে কিনা জানতে চাইলে তিনি 'না' সূচক জবাব দেন। পুরনো ঢাকার বাংলাবাজার থেকে ধানমণ্ডি লেকে বেড়াতে আসা কলেজ ছাত্র আসিফ ইকরাম তার বন্ধুকে দূর থেকে সুধা সদন দেখিয়ে বলছিলেন, "মাত্র ১১ মাস আগেও এ বাড়িতে ভিআইপিদের গাড়ির লম্বা লাইন দেখা যেতো। এখানে কত পুলিশ-র‌্যাব সদস্যের টহল দিতে দেখেছি। এখন তার কিছুই নেই।" বেলা ১২টায় সেনানিবাসে শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার বাসভবনের সামনে গিয়ে দেখা গেছে প্রায় একই চিত্র। সেখানে কোনো পুলিশি নিরাপত্তা নেই। খালেদা জিয়া গ্রেপ্তারের তিন সপ্তাহ পর ওই নিরাপত্তা তুলে নেওয়া হয়। বাসায় রাতে এখন জিয়া পরিবারের কোনো সদস্যই থাকেন না। খালেদা জিয়ার বড় ছেলের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিথি তাদের সন্তানদের নিয়ে নিজ নিজ বাবার বাড়িতে থাকছেন। সোমবার দুপুরে বাড়ির প্রধান গেট ছিল ভেতর থেকে বন্ধ। বেসরকারি সিকিউরিটি সংস্থার একজন নিরাপত্তা কর্মী গার্ড রুমে বসে ছিলেন। তার থেকে জানা যায়, ভেতরে বাড়ির তত্ত্বাবধায়ক আছেন। বাড়ির তত্ত্বাবধায়ক ইউনুস পরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জোবাইদা রহমান ও শর্মিলা রহমান মাঝে-মধ্যে এখানে আসেন। তারা কিছু সময় থেকে চলে যান।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/১৪৫৭ ঘ.