বরগুনা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সদর থানা পুলিশ শনিবার রাতে জঙ্গি সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বোমার মত দেখতে সাতটি প্যাকেট।
গ্রেপ্তার পাঁচজন হলেন- গোলাম মোস্তফা (৩০), বায়েজিদ হোসেন ছগির (২৮), জাকির হোসেন (৪০), জুনায়েদ আহম্মেদ (৩৫) ও মোসাদ্দেক বিল্লাহ (৪২)।
বরগুনার পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এদের সঙ্গে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) গভীর সম্পর্ক থাকতে পারে, এখন অন্য জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছে।"
তিনি আরও বলেন, "বরিশাল থেকে আসা বিস্ফোরক বিশেষজ্ঞের একটি দল নিশ্চিত করেছে উদ্ধার করা প্যাকেটগুলো বোমা নয়।"
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহবুবুর রহমান জানান, শনিবার রাতে সদর উপজেলার কদমতলা গ্রাম থেকে বোমার মত দেখতে পাঁচটি প্যাকেটসহ গোলাম মোস্তফাকে এবং হাইস্কুল সড়ক থেকে এ রকম আরো দুটি প্যাকেটসহ বায়েজিদ হোসেন ছগিরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় জাকির হোসেন, জুনায়েদ আহম্মেদ ও মোসাদ্দেক বিল্লাহকে।
তিনি বলেন, "গ্রেপ্তার করা সন্দেহভাজন জঙ্গিরা ঈদের দিন নাশকতামূলক কাজের প্রস্তুতি নিচ্ছিল।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩১৪ ঘ.
bdnews24