চট্টগ্রাম, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর ফয়'স লেক এলাকার একটি কারখানা থেকে বৃহস্পতিবার পাঁচ টন ভেজাল ঘি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে পাঁচ টন ভেজাল ঘি উদ্ধার করা হয়। এছাড়া বাজারজাত করার জন্য রাখা পাঁচ হাজার কৌটা ঘিও জব্দ করা হয়েছে ।
ভেজাল ঘি তৈরির অভিযোগে কারখানা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং কারখানাটি সিল করে দেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষতিকর উপাদান দিয়ে ভেজাল ঘি তৈরি করা হচ্ছে এ সংবাদ পেয়ে ফয়'স লেকের অদূরে অবস্থিত কোহিনুর কমেন্ড এন্ড মামুন কোম্পানি নামের এ কারখানায় অভিযান চালায় আদালত। তালা ভেঙ্গে কারখানায় ঢুকে পাঁচ টন ভেজাল ঘি উদ্ধার করা হয়েছে। বাজারজাত করার জন্য রাখা পাঁচ হাজার কৌটা ঘি জব্দ করা হয়।
তিনি জানান, এ কারখানায় পাম ওয়েল, ডালডা ও ক্ষতিকর রং এবং সয়াবিন ফ্লেভার দিয়ে ভেজাল ঘি তৈরি করা হচ্ছিল। চট্টগ্রাম সায়েন্স ল্যাবরেটরির বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নুরুদ্দিন মাহমুদ তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে এ ঘি-এ অস্বাস্থ্যকর উপাদান থাকার প্রমাণ পেয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/ ২২৫২ঘ.
bdnews24