গোলাম মর্তুজা অন্তু
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের নান্দাইল যাবেন মনু মিয়া ও তার স্ত্রী লিপি বেগম। দুজনই তৈরি পোশাক কারখানার শ্রমিক। বেতন বোনাস পেতে দেরি হওয়ায় আগেভাগে টিকেট কেটে রাখতে পারেননি তারা। কারখানা থেকে পাওনা বুঝে পেয়ে মিরপুর থেকে চড়ে বসেছেন বাসে। ঘেমে নেয়ে কমলাপুর রেল স্টেশনে বাস থেকে নেমেই ছুটলেন ট্রেনের টিকেট কিনতে। টিকেট পেলেন, কিন্তু 'স্ট্যান্ডিং'। তবু তো টিকেট। ভোগান্তি সয়েও ঈদে বাড়িতে যাওয়ার এই দৃশ্য তুলে ধরেছেন গোলাম মর্তুজা অন্তু।
মনু মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুইটা স্ট্যান্ডিং টিকেট যোগাড় হইছে।"
বৃহস্পতিবার কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, ঘরমুখো হাজার হাজার মানুষের ভিড়। মনু মিয়ার মতো অসংখ্য মানুষ আগাম টিকেট কাটতে না পেরে স্ট্যান্ডিং টিকেট নিয়েই বাড়ি যাচ্ছেন।
দু'দিন বাদেই ঈদ। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকার মানুষ ছুটছেন এখন বাস টার্মিনাল, লঞ্চঘাট আর রেল স্টেশনের দিকে- গন্তব্য 'দেশের বাড়ি'। ঢাকার প্রতিটি বাস কাউন্টারেই উপচে পড়া ভিড়। সদরঘাটে তো 'তিল ঠাঁই আর নাহিরে' অবস্থা। আর দাঁড়িয়েই ৬/৭ ঘণ্টা ভ্রমণের জন্য প্রস্তুত হয়ে রেলস্টেশনে অন্তত 'স্ট্যান্ডিং' টিকেটের জন্য ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র নাজভী ইসলাম যাবেন রংপুর। তার সঙ্গী বন্ধু সোহাগ। তারা যাবেন হানিফ পরিবহনের তিনটার বাসে। তখনো সে গাড়ি কাউন্টারে এসে পৌঁছায়নি। ব্যাগ- বোচকা নিয়ে অপেক্ষা আর টেনশনে থাকলেও শেষ পর্যন্ত সময় মতই গাড়ি কাউন্টারে হাজির। তাই দেখে নাজভীর শুকনো মুখে হাসি ফুটলো। বন্ধুকে বলল, "না রে লেট করেনি, সময় মতোই আসছে।"
নাজভী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুব টেনশনে ছিলাম। না জানি কখন বাস আসে। প্রতিদিনই আত্মীয়-বন্ধু যারা বাড়ি যাচ্ছে তাদের কাছে শুনছি বাস তিন থেকে পাঁচ ঘণ্টা লেটে ছাড়ছে। তাই আমরাও লেট আতঙ্কে ছিলাম। এখন দেখছি সময়মতোই ছাড়ছে। বাসে উঠলে হাঁফ ছেড়ে বাঁচি ভাই।"
রাজধানীর কলাবাগন, আসাদগেট, কলেজগেট, শ্যামলী, গাবতলীর প্রতিটি বাসকাউন্টারে মানুষের উপচে পড়া ভিড় ছিল। গাড়ি না ধরতে পারার আশঙ্কা এড়াতে কয়েকঘণ্টা আগেও কাউন্টারে এসেছেন অনেকে। কয়েকঘণ্টা অপেক্ষা করার পর নির্ধারিত গন্তব্যের বাস আসার সঙ্গে সঙ্গে দেরি সইছে না লোকজনের। বাসের লকারে ব্যাগ রাখতে গিয়েও রীতিমতো ধাক্কাধাক্কির মত অবস্থা।
কোন না কোন যাত্রী ঝুঁকে-উপুড় হয়ে আছেন কাউন্টারের বড় টেবিলগুলোর ওপর। তবে টিকেটের জন্য নয়। গাড়ি ছাড়ার আগে ইঞ্জিন কাভার বা ভেতরে মোড়ায় বসে যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা সে আশায়।
শুধু দূরপাল্লার নির্ধারিত রুট পারমিটধারী বাসই নয়, ঢাকা সিটি সার্ভিসের সিএনজিচালিত বাসগুলোও যাচ্ছে বিভিন্ন জায়গায়। কল্যাণপুরে দেখা গেছে তরঙ্গ পরিবহন টেবিল, চেয়ার ও ব্যানার ঝুলিয়ে টিকেট কাউন্টার খুলে বসেছে। ঈদ উপলক্ষ্যে এ পরিবহন গাইবান্ধা, বগুড়া, রংপুরের বিভিন্ন রুটে সার্ভিস দিচ্ছে।
এ কাউন্টারে দাঁড়িয়ে ছিলেন শিমুল ও উজ্জ্বল। তারা বলেন মূলত মোহাম্মদপুর-বারিধারা রুটে চলাচলকারী সিএনজি বাসগুলো ঈদ উপলক্ষে দুরপাল্লার রুটে চালানো হচ্ছে।
এ বাসে গাইবান্ধার টিকেট কাটলেন আতিকুর রহমান। তিনি বললেন, "সাধারণত চেয়ারকোচে ভাড়া ২২০ টাকা নেয়। এ পরিবহনের ৫২ সিটের বাসে ৩০০ টাকা দিয়ে টিকেট কাটতে হল। ওরা তো রাতের টিকেট দিল। তবে ভরসা পাচ্ছি না- কোম্পানি রাত পর্যন্ত থাকবে তো।"
বিভিন্ন কোম্পানি বিআরটিসির ডাবল ডেকার বাস ভাড়া করেও দূরপাল্লার রুটে চালাচ্ছে। কল্যাণপুরে দেখা গেলো পাবনা যাওয়ার অনেক যাত্রীকে বিআরটিসির ডাবল ডেকারে চড়ে বসেছেন।
দুদিন আগেও বগুড়া হয়ে উত্তরবঙ্গ রুটে ছিল তীব্র যানজট। এখন অবস্থা অনেক ভাল। হানিফ পরিবহনের ম্যানেজার রায়হান চৌধুরী অন্তু বললেন "হাইওয়েতে এখন কোনও যানজট নেই। তাই গাড়ি চলাচল সময়মতই হচ্ছে। মঙ্গলবার বগুড়ার শেরপুরে ট্রাক উল্টে যে যানজটের সৃষ্টি হয়েছিল তার প্রভাবে বুধবার পর্যন্ত গাড়ি চলাচল দুই থেকে তিন ঘণ্টা দেরি হয়েছে। এখন সব ঠিক।"
এ পরিবহনের বাস সুপারভাইজাররা জানান, শেরপুরের প্রায় ২০ কিলোমিটার ভাঙা রাস্তায় গাড়ি চলাচল তত্ত্বাবধান করছেন সেনাসদস্যরা। ফলে যানজট সৃষ্টির সম্ভাবনা কম।"
যাত্রীদের হৈ চৈ আর লঞ্চ কর্মীদের 'আসেন ভাই..' হাঁকডাক-চিৎকারে সরগরম সদরঘাট লঞ্চঘাট। লঞ্চে জায়গা দখল করতে মরিয়া যাত্রীরা। ঝুঁকি নিয়ে ব্যাগ বোচকাসহ নৌকা থেকে নদীর মাঝখানে থাকা লঞ্চে উঠছেন। জায়গা পেতে ৬ থেকে ৮ ঘণ্টা আগে লঞ্চে উঠে বসে থাকছেন তারা। সতর্ক করা সত্ত্বেও অতিরিক্ত যাত্রী নিয়েই লঞ্চগুলো ছুটছে গন্তব্যের পথে।
ঢাকা-হুলারঘাট-ভাণ্ডারিয়া রুটে পারাবাত-১০ লঞ্চের টিকেট কেটেছেন মিরপুরের শফিক। বৃহস্পতিবার বিকেল ৪টায় লঞ্চটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকাল ৯টায় এসে তিনি জায়গা দখল করেছেন। তিনি ভাণ্ডারিয়া যাচ্ছেন।
একই লঞ্চের যাত্রী ইলিয়াস। তিনি জানালেন ঢাকা থেকে হুলারঘাট ভাড়া ছিল ১২০ টাকা এখন নিচ্ছে ১৬০ টাকা। এই লঞ্চে কাউখালী যাওয়ার জন্য সিঙ্গেল কেবিন ভাড়া নিয়েছেন জিয়াউর রহমান। তিনি জানালেন সাধারণত সিঙ্গেল কেবিনের ভাড়া হয় ৩০০ টাকা। এখন নিচ্ছে ৬০০ টাকা।
একই রুটে এমভি আচল লঞ্চের কর্মীদের কেবিনও ভাড়া দেওয়া হচ্ছে। এরকম একটি কেবিন ৬০০ টাকায় নিয়েছেন মহিউদ্দীন মিয়া। এ বিষযে টিকেট মাস্টার সেলিম বিডিনিউজ টুয়েন্টিপোর ডটকমকে বলেন, "ভাই মাত্র ১০ দিনের জন্য আমরা কেবিনের ভাড়া দ্বিগুণ নিচ্ছি। ঈদের এই ভিড়ের পরই ভাড়া আবার আগের মতো হয়ে যাবে।"
ঢাকা-চাঁদপুর রুটের লঞ্চ নিউ আলবোরাকের টিকেট মাস্টার মানিক জানালেন, তাদের লঞ্চের ধারণ ক্ষমতা ৭৭০ জন। কিন্তু লঞ্চটি যখন বিকেল সাড়ে ৩টায় ছেড়ে যায় তখন তিনতলা এ লঞ্চটিতে তিল পরিমাণ জায়গাও ছিল না।
বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশনে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে র্যাব আর পুলিশ। বাস কাউন্টারগুলোর সামনে যেন কোনওভাবেই যানজট সৃষ্টি না হয় সেজন্যও পুলিশ মোতায়েন করা হয়েছে। সঙ্গে আছে পরিবহন কোম্পানিগুলোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/এমএইচবি/২২০৩ ঘ.
bdnews24