চট্টগ্রাম, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের ওয়াজিকো অ্যাপারেলসের শ্রমিকরা নগরীর জুবিলি সড়ক আধাঘণ্টা অবরোধ ও বিক্ষোভ করেছে।
সড়ক অবরোধের সময় নিউমার্কেটমুখী সড়কে দীর্ঘ যানজট লেগে যায়। তবে এ সময় শ্রমিকরা কোনো ভাঙচুর করেনি। পরে কোতোয়ালি পুলিশ বিকেল ৪টার দিকে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
বিক্ষোভরত গার্মেন্টস কর্মী রহিম, শাবনুর, আলমগীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন মাসের বকেয়া বেতন ও দুই মাসের ওভার টাইম এবং ঈদ বোনাস না পেয়ে শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়। এ কারখানার প্রায় চারশ শ্রমিক বেতন বোনাসের দাবিতে বিকেল সাড়ে ৩টা থেকে অবরোধ শুরু করে।
তারা জানান, বুধবার মালিকপক্ষ এসব পাওনা পরিশোধ করার প্রতিশ্র"তি দিলেও তা করেনি। পরে বৃহস্পতিবার দুপুরের মধ্যে তা পরিশোধ করার কথা বললেও বিকেল ৩টা পর্যন্ত মালিকপক্ষের কেউ যোগাযোগ করেনি। এরপরই শ্রমিকরা রাস্তায় নেমে আসে।
কোতয়ালি থানা জোনের সহকারী পুলিশ কমিশনার আবু বকর ছিদ্দিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হবে এমন আশ্বাস দিলে তারা রাস্তা থেকে অবরোধ তুলে নেয়।
তিনি জানান, মালিকপক্ষ বেতন ও বোনাস পরিশোধের উদ্যোগ নিয়েছে। তবে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার বেতন পরিশোধ করা কতটুকু সম্ভব হবে সেটি বলা যাচ্ছে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এসএনডি/১৯০৯ ঘ.
bdnews24