২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে নির্দোষ দাবি করলেন খালেদা

গ্যাটকো দুর্নীতির ব্যাপারে নিজেকে নির্দোষ দাবি করেছেন খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার বেলা সোয়া বারোটা থেকে ১টা পর্যন্ত বিশেষ কারাগারে টাস্কফোর্সের সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জহিরুল হুদা, মেজর মোস্তফা কামাল ও সিআইডি ইন্সপেক্টর নুরুল ইসলাম। এ ছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত আইনজীবী আহমেদ আজম খানও উপস্থিত ছিলেন । (আরো তথ্যসহ ১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 10:03 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গ্যাটকো দুর্নীতির ব্যাপারে নিজেকে নির্দোষ দাবি করেছেন খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার বেলা সোয়া বারোটা থেকে ১টা পর্যন্ত বিশেষ কারাগারে টাস্কফোর্সের সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জহিরুল হুদা, মেজর মোস্তফা কামাল ও সিআইডি ইন্সপেক্টর নুরুল ইসলাম। এ ছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত আইনজীবী আহমেদ আজম খানও উপস্থিত ছিলেন । টাস্কফোর্সের সদস্যরা জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার ৪৫ মিনিট পর পর্যন্ত আহমেদ আজম খান খালেদা জিয়ার সঙ্গে মামলার আইনগত বিষয় নিয়ে কথা বলেন। (আরো তথ্যসহ ১) বেরিয়ে এসে আহমেদ আজম খান সাংবাদিকদের বলেন, "দুদকের জিজ্ঞাসাবাদে খালেদা জিয়া সুস্পষ্টভাবে বলেছেন, এই মামলার সঙ্গে তার ও ছেলে কোকোর কোনো সম্পৃক্ততা নেই। তিনি যে ঠিকাদার নিয়োগের অনুমোদন করেছেন এটি আনুষ্ঠানিকতা মাত্র। ক্রয় কমিটি এটি অনুমোদন করেছে। এর আগে ক্রয় কমিটি অনুমোদন করেনি বলে খালেদা জিয়াও এটি অনুমোদন করেনি। তিনি আরও জানান, এ বিষয়ে তার কাছে কেউ তদ্বির করেছিলো কি না দুদকের এরকম প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেছেন, তাকে কেউ প্রভাবিত করেনি, তিনিও কাউকে প্রভাবিত করেননি। আর ছোট ছেলে শুধু এ বিষয়ে নয় অন্য কোনো বিষয়েও কোনোদিনও তার কাছে সুপারিশ করেনি। খালেদা জিয়া দুদক কর্মকর্তাদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেছেন। খালেদা জিয়া তার দুই ছেলে যেন তার সঙ্গে ঈদের দিন দেখা করার সুযোগ পায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের কাছে দাবি জানান। টাস্কফোর্স কর্মকর্তারা বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করার আগে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং আহমেদ আজম খান খালেদা জিয়ার সঙ্গে আইনগত বিষয় নিয়ে কথা বলেন। জিজ্ঞাসাবাদ শুরু করা হলে মাসুদ আহমদ বেরিয়ে আসেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার শারীরিক সমস্যা এখনো আছে। এ ছাড়া তার টেলিভিশন সংযোগ না থাকায় বেশ কিছুদিন ধরে তিনি টিভিও দেখতে পারছেন না। ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) ও চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর কাজ দুর্নীতি করে গ্যাটকোকে দেওয়ার অভিযোগ নিয়ে খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক উপ-পরিচালক মো. জহিরুল হুদা তাকে জিজ্ঞাসাবাদের জন্য গত সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করে অনুমতি পান । আবেদনে বলা হয়, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে গ্যাটকোকে কাজ দেন। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। দুদক গত ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে এ মামলা করার পরদিন খালেদা জিয়াকে গ্রেপ্তার করে বিশেষ কারাগারে পাঠানো হয়। আদালত আগামী ৪ নভেম্বর এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে। দুদক ইতিমধ্যে এ মামলায় সাতজন সাবেক মন্ত্রী, অবসরপ্রাপ্ত ছয় সচিব, যোগাযোগ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১৬ কর্মকর্তা এবং সাউথ ইস্ট ব্যাংকের সাবেক এক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এলএইচ/এএল/এসকে/১৪৪২ঘ.