অক্টোম্বর ০৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দুঃসাহসী এক অভিযানে হিমালয়ের মেরা শৃঙ্গ জয় করল ৪ বাংলাদেশী তরুণ পর্বতারোহী। ২১৮৩০ ফুট উঁচু এই শৃঙ্গটিতে এটি ছিল তাদের দ্বিতীয় অভিযান। বাংলাদেশের যে কোন অভিযাত্রীর জন্য মেরা পিকই হচ্ছে জয় করা সর্বোচ্চ পর্বত চুড়া। সাফল্যের সঙ্গে মেরা শৃঙ্গে ওঠা এই অভিযাত্রীরা সবাই বাংলা মাউন্টেনিয়ারিং ও ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) সদস্য। অভিযানের পর লোকালয়ে ফিরেই ই-মেইলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তাদের এ অভিজ্ঞতা লিখে পাঠিয়েছেন বিএমটিসি-র অভিযান ও প্রশিক্ষণ সচিব সজল খালেদ। তার নিজের জবানিতেই শুনুন রুদ্ধশ্বাস সেই কাহিনী।
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গত ৩০ সেপ্টেম্বর ৪ টা ৪৫ মিনিটে বাংলা মাউন্টেনিয়ারিং ও ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) চার সদস্য মেরা পিকে মিলিত হয়েছিলাম। আমাদের এই দলের সদস্যরা ছিলেন এম এ মুহিত (দলনেতা), আমি (সজল খালেদ), নুর মোহাম্মদ এবং নিশাত মজুমদার । মেরা পিকে এটা ছিলো আমাদের দ্বিতীয় অভিযান। এর আগে ২০০৫ সালে আমাদের একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রচন্ড তুষার ঝড়ের জন্য সম্ভবত এটাই ছিলো আমাদের জন্য এ পর্যন্ত সবচেয়ে কঠিন অভিযান।
এবার আমাদের আগে দুই দল এবং পরে চার দল ইউরোপীয় তাদের অভিযান অসমাপ্ত রেখে ফিরে যায়। কিন্তু শরীরে এক বিন্দু শক্তি অবশিষ্ট থাকা পর্যন্ত আমরা সেখান থেকে পিছু হটিনি।
২০ সেপ্টেম্বর ২০০৭-এ লুকলা থেকে অভিযান শুরু করি আমরা। সঙ্গে গাইড হিসেবে ছিলেন গনেশ মাগার এবং কুলি হিসেবে ছিলেন ললিত ও লক্ষণ। যাত্রা শুরুর পঞ্চম দিনে (২৪ সেপ্টেম্বর) আমরা খারি নামের একটি জায়গায় পৌঁছলাম। ১৩৭৭৬ ফুট উচ্চতার ছাত্রালা পাস পেরিয়ে যেতে হয়। আবহাওয়া সইয়ে নিতে খারিতে একটা বাড়তি দিন থাকার পরিকল্পনা ছিল আমাদের। প্রথম দিন অল্প অল্প তুষারপাত হচ্ছিল। কিন্তু দ্বিতীয় দিন একরাশ বিস্ময় নিয়ে ঘুম ভাঙলো। দেখলাম বাইরে চার ফুট তুষার জমে গেছে। এখানে জার্মানি ও স্পেনের আরো দুই দল অভিযাত্রী ছিলো। ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া তাদেরও আর কোন উপায় ছিলো না। আমরা সেখানে চারদিন অপেক্ষা করলাম। কিন্তু এর মধ্যে এক মিনিটের জন্যও তুষার ঝড় থামলো না।
খারিতে আসার পঞ্চম দিনে (২৮ সেপ্টেম্বর) বেস ক্যাম্পের দিকে যাত্রা শুরু করলাম। সব সরঞ্জাম এবং দুই দিনের খাবার ও জ্বালানি নিলাম আমরা। চারদিকে যতদুর দৃষ্টি যায় শুধু বরফ আর বরফ। যাত্রা শুরু কয়েক ঘন্টা পর আবার তুষারপাত শুরু হল। চোরা ফাটল থেকে বাঁচতে ১৭০ ফুট লম্বা একটি দড়ি দিয়ে নিজেদেরকে বেঁধে রেখেছিলাম আমরা। 'হোয়াইট আউট' (চারদিক সাদা) হয়ে যাওয়ার কারণে কিছুই দেখতে পাচ্ছিলাম না।
বেস ক্যাম্পের এই পথে বেশ কিছু ফাটল আছে। তুষাব ঝড়ের সঙ্গে ছয় ঘন্টার যুদ্ধ শেষে আমরা মেরা হিমবাহে (১৮৫০০ ফুট) পৌঁছলাম। বৈরি আবহাওয়ার কারণে এই হিমবাহেই তাঁবু টানানো ছাড়া আমাদের কিছু করার ছিলো না।
হিমবাহে সময় যেন আর কাটছিলই না। দিনগুলো ছিল খুবই দীর্ঘ আর কঠিন। বরফের ওপর ঘুমানোও সহজ নয়। আমরা চারজন একটা ছোট তাঁবুতে ছিলাম। গাইড ও কুলিরা ছিল আরেকটি ছোট তাঁবুতে। কোথাও কোন পানি ছিলো না, কারণ এখানে তাপমাত্রা ছিলো মাইনাস ১০ ডিগ্রি। আমরা মধ্যরাতে (রাত ১ টা) চুড়ায় ওঠার জন্য প্রস্তুত হলাম। দুর্ভাগ্যক্রমে তুষার ঝড় পরদিনের আগে এক মিনিটের জন্যও থামলো না। খাবারের মজুদ নিয়ে চিন্তিত হয়ে পড়লাম আমরা। আরো দুইদিনের জন্য খাবার ও জ্বালানি আনার সিদ্ধান্ত নিলাম। কুলিরা বাড়তি কিছু টাকার বিনিময়ে আবার খারিতে যেতে রাজি হলো। কুলিরা খারিতে গিয়ে খাবার আর জ্বালানি নিয়ে সন্ধ্যায় ফিরে এলো। পায়ের দাগ দেখে আমাদের অনুসরণ করছিল তারা। আবহাওয়া একটু ভালো হতেই গাইড মুহিত এবং আমি (সজল) চুড়ায় পৌঁছার জন্য একটি রুট ঠিক করতে গেলাম। দুর্ভাগ্যক্রমে আবহাওয়া আবার খারাপ হওয়ায় আমাদের এক ঘন্টার মধ্যে বেস ক্যাম্পে ফিরে আসতে হলো।
হিমবাহে দ্বিতীয় দিনও ছিল প্রথম দিনের মতোই কঠিন। পুষ্টিকর খাদ্যের অভাবে ক্রমেই ক্লান্ত আর দুর্বল হয়ে পড়ছিলাম আমরা। সিদ্ধান্ত নিলাম মধ্যরাতে আবহাওয়া কিছুটা পরিষ্কার হলেই যাত্রা শুরু করবো। কারণ এ রকম সুযোগ কিছুতেই হাতছাড়া করা ঠিক হবে না। কিন্তু রাতেও আবহাওয়া ভালো হল না।
তৃতীয় দিনে (৩০ সেপ্টেম্বর) যাত্রা শুরু করার জন্য মরিয়া হয়ে উঠলাম আমরা। আমাদের গাইড এবং কুলিরা ঘাবড়ে গিয়েছিল। তারা চাইছিল যে কোন ভাবে ফিরে যেতে। সকাল ১০টার দিকে আবহাওয়া সামান্য ভালো হলো। এই সুযোগ নিতে এক মিনিটও দেরি করলাম না আমরা। তাঁবু ও ব্যাগ গুছিয়ে হাই ক্যাম্পের দিকে যাত্রা শুরু করলাম।
হাই ক্যাম্পে পৌঁছার আগেই হঠাৎ করেই আবার তুষার ঝড় শুরু হলো। হাত ও পায়ের আঙুলে ফ্রস্ট বাইটের (প্রচন্ড ঠান্ডায় সৃষ্ট মারাত্মক ঘা যাতে আঙুল খসে যেতে পারে) আশংকা করছিলাম আমরা। আমরা আর না এগিয়ে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ওই জায়গা থেকে হাই ক্যাম্পে যাওয়ার দুটো রাস্তা ছিল। একটা অনেক লম্বা পথ কিন্তু নিরাপদ। অন্যদিকে আরেকটি পথ ছোট কিন্তু বিপদজনক।
আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে অপেক্ষা করছিলাম। দুপুর ২ টার দিকে হঠাৎ আকাশ পরিষ্কার হলো। তখনই চুড়ার দিকে রওয়ানা হওয়ার সিদ্ধান্ত নিলাম। চুড়ার ওঠার জন্য পাগল হয়ে উঠেছিলাম আমরা। হাতে সময় কম থাকায় চুড়ায় যাওয়ার জন্য আড়াইটার দিকে বিপদজনক কিন্তু সংক্ষিপ্ত রাস্তাটা বেছে নিলাম। দড়িতে বাঁধা অবস্থায় সবার আগে ছিল গাইড মুহিত এবং তারপর পর্যায়ক্রমে আমি, নিশো এবং নুর। উঁচু পাহাড়ে ২০ বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমাদের গাইডকে এ সময় কিছুটা বিভ্রান্ত মনে হলো। আমি তাকে পথ সম্পর্কে পরামর্শ দিচ্ছিলাম। আর সে কারণে গাইড আমাকেই আগে যাওয়ার অনুরোধ করলেন। তারপর আমি দলকে নেতৃত্ব দিয়ে চোরা ফাটলের ফাঁদ এড়িয়ে বিকেল ৪ টা ৪৫-এ চুড়ায় পৌঁছালাম।
আমরা চুড়ায় পৌঁছে মিনিট দশেক আনন্দ করলাম। এর ঠিক ১৫ মিনিট পর থেকে আবার তুষার ঝড় শুরু হলো। দৌড়ে ক্যাম্পে ফিরলাম আমরা। সেদিন হাই ক্যাম্পে থেকে পরদিন খারিতে ফিরে এলাম। খারি থেকে তিন দিনের মাথায় আমরা লুকলাতে পৌঁছালাম। সেখান থেকে বিমানে কাঠমান্ডু।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসকে/১৭০৬ঘ.
bdnews24