২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট ও চাঁদপুরে দুই গৃহবধূ খুন

সিলেটের বালাগঞ্জ উপজেলায় এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুই গৃহবধূ খুন হয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিলেট প্রতিনিধি জানান, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পাশের এলাকায় নিজ বাড়িতে মঙ্গলবার রাতে এক গৃহবধূ খুন হয়েছেন। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ পরিবারের সবাই পলাতক রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 11:14 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটের বালাগঞ্জ উপজেলায় এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুই গৃহবধূ খুন হয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিলেট প্রতিনিধি জানান, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পাশের এলাকায় নিজ বাড়িতে মঙ্গলবার রাতে এক গৃহবধূ খুন হয়েছেন। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ পরিবারের সবাই পলাতক রয়েছে। এলাকাবাসী জানায়, স্বাস্থ কেন্দ্রের পাশেই একটি বাড়িতে তফুর মিয়ার ছেলে দিনমজুর মর্তুজা মিয়া ও তার পরিবারের অন্য সদস্যরা থাকেন। বুধবার সকাল ৬টার দিকে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে দেখে মর্তুজা মিয়ার স্ত্রী পান্না বেগমের (২২) গলা কাটা লাশ দেখতে পায়। পরে তারা থানায় খবর দেয়। প্রতিবেশী আবদুল মুকিত জানান, ঘটনার পর থেকে মর্তুজা মিয়া ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। পান্না বেগম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সফাতপুর গ্রামের বশির মিয়ার মেয়ে বলে জানান আবদুল মুকিত। পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করে বলে জানিয়েছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আহমদ। তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। চাঁদপুর প্রতিনিধি জানান, ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের পাশে বেদে পল্লীতে খুন হয়েছেন গৃহবধূ মালা বেগম (১৯)। বুধবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে নিহতের শাশুড়ি মানছুরা বেগমকে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল চৌধুরী জানান, দুই মাস আগে মালা বেগমকে নিয়ে তার স্বামী জাকির হোসেন ব্যবসায়িক উদ্দেশ্যে বেদেপাড়া থেকে বের হয়। বুধবার সকালে একটি টেম্পুতে করে স্ত্রীর লাশ বেদেপাড়ায় নিয়ে আসে জাকির। ওই সময় এলাকাবাসী ঘটনা জানতে চাইলে জাকির তড়িঘড়ি করে পালিয়ে যায়। এলাকাবাসী ধাওয়া করেও তাকে ধরতে পারেনি। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে বলে ওসি বেলাল জানান। তিনি জানান, মালা বেগমের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৮ ঘ.