মারুফ মল্লিক
স্টাফ প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর পাওনা টাকার পরিমান ৪ হাজার ১৯ কোটি। সারচার্জসহ এ পাওনার পরিমাণ ১০ হাজার ৭২৪ কোটি টাকা।
পিডিবি কর্মকর্তারা জানান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথরিটির (ডেসা) কাছেই মোট পাওনার পরিমাণ ৩ হাজার ২২৬ কোটি টাকা। সারচার্জসহ এর পরিমাণ দাড়িয়েছে ৯ হাজার ৯৩১ কোটি টাকায়। ১৯৯১ সালে ডেসা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় বকেয়া বিলের পরিমাণ এখন এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।
পিডিবির এক হিসাবে দেখা গেছে, ডেসার কাছে পাওনা টাকার পরিমান মোট সাড়ে ৩১ মাসের বিলের সমপরিমাণ। ডেসা গত তিন বছর ধরে নিয়মিত বিল পরিশোধ করলেও বকেয়ার পরিমাণ এখনও এ অবস্থায় দাঁড়িয়েছে। গত তিন বছরে ডেসা স্বাভাবিক বিলের অতিরিক্ত ৩০০ কোটি টাকা পরিশোধ করেছে।
ডেসার পরপরই বেশি বকেয়া রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে। যার পরিমাণ ২৫১ কোটি টাকা। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানীর কাছে বকেয়া পাওনা ১০৮ কোটি টাকা। ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর কাছে বকেয়ার পরিমাণ ৫৩ কোটি। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে ২৭ কোটি টাকা পাওনা রয়েছে পিডিবির। স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর কাছে পাওনা টাকার পরিমাণ ৪২ কোটি। এছাড়া বেসরকারি খাতে পিডিবির পাওনার পরিমাণ ৩১২ কোটি টাকা।
পিডিবির একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, বর্তমানে যে পরিমাণ টাকা বকেয়া রয়েছে তা পুরোপুরি তুলতে পারলে বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে তা ব্যয় করা যেতে পারে। এ অর্থ ব্যায় করে পিডিবির উদ্যোগেই অতিরিক্ত প্রায় ১০০০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর জন্য দাতাদের কাছে ধর্না দেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা।
২০১২ সাল নাগাদ পিডিবির মোট ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সংযোগের পরিকল্পনা রয়েছে। তবে ২০০৭ সাল নাগাদ যে পরিকল্পনা ছিল তা অর্জন করতে পারেনি পিডিবি।
পিডিবির চেয়ারম্যান মুহাম্মদ খিজির খান বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "এসব সমস্যার কথা আমরা বিভিন্ন সময় উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সবচেয়ে বেশি পাওনা ডেসার কাছে। এ টাকাগুলো আগের পাওনা। ডেসা এ টাকা দিচ্ছে না। ডেসা ছাড়া অন্যদের কাছে খুব বেশি পাওনা নেই। এক দেড় মাসের পাওনা আছে অন্যদের কাছে।"
পিডিবির আরেকজন কর্মকর্তা জানান, চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পিডিবির এ পাওনা দাঁড়িয়েছে। বিভিন্ন সময় আন্ত:মন্ত্রণালয় বৈঠক ও ফিন্যান্সের সঙ্গে বৈঠক করে আদায়ের চেষ্টা করা হলেও টাকা পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বাজেটস্বল্পতাসহ বিভিন্ন কারণ দেখিয়ে এ টাকা দেওয়া নিয়ে গড়িমসি করছে ডেসা। এ নিয়ে বারবার তাগাদা দিয়েও কোন কাজ হয়নি। এমনকি ডেসার বর্তমান কর্মকর্তারা আগের বকেয়া অর্থের বিষয়টি স্বীকার করতে চান না।
এ নিয়ে কথা বলার জন্য মঙ্গলবার ডেসার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল নজরুল হাসানের সঙ্গে একাধিকবার যোগযোগের চেষ্টা করা হলে তার কার্যালয় থেকে জানানো হয় তিনি বৈঠকে আছেন।
পিডিবির নিজস্ব গ্রাহকদের কাছ থেকে পাওনা আদায়ের জন্য প্রতিমাসেই সংযোগ বিচ্ছিন্ন করাসহ সারা দেশে ১৫জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট কাজ করছে বলে পিডিবি জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/১৪৩০ ঘ.
bdnews24