ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিশেষ কারাগারের গেইটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। এ ছাড়া তার দুটি ব্যাংক হিসাবের লেনদেনের কাগজপত্রও জব্দ করার অনুমতি দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপপরিচালক জহিরুল হুদার পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আদালত এ আদেশ দেয়।
রোববার জহিরুল হুদা বিএনপি চেয়ারপারসন খালেদাকে জিজ্ঞাসাবাদ ও তার ব্যাংক হিসাবের কাগজপত্র জব্দের অনুমতি চেয়ে পৃথক দুটি আবেদন করেন।
ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে দুদকের প্রসিকিউটিং কর্মকর্তা আব্দুস সালাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকেল ৩ টায় ঢাকা মহানগর হাকিম মো. মিজানুর রহমান গ্যাটকো মামলার ব্যাপারে বিশেষ কারাগারের গেইটে খালেদাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন।
দুদকের প্রধান প্রসিকিউটিং কর্মকর্তা আব্দুর রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক খালেদার দুটি ব্যাংক হিসাবের লেনদেনের কাগজপত্র জব্দ করার অনুমতি দিয়েছেন।
অপর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, খালেদার সোনালী ব্যাংকের লোকাল ব্র্যাঞ্চ ও প্রিমিয়ার ব্যাংক বনানী শাখার দুটি হিসাবের লেনদেনের কাগজপত্র জব্দ করার অনুমতি দেন।
দুদকের করা দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে খালেদা জিয়া বর্তমানে বিশেষ কারাগারে আছেন।
২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। পর দিন ৩ সেপ্টেম্বর ভোরে খালেদা ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) চট্টগ্রাম বন্দর ও কমলাপুরে কন্টেইনার হ্যান্ডলিং এর কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে দায়ের এ মামলায় খালেদা ও কোকোসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান এ এস এম শাহাদাত হোসেন, গ্যাটকোর দুই পরিচালক, সাবেক নৌ পরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনসহ এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে গ্যাটকোর দুই পরিচালক সৈয়দ গালিব আহমদ, সৈয়দ তানভির আহমদ ও ইসমাইল হোসেন সায়মন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার অপর চার আসামি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমডোর জুলফিকার আলী, গ্যাটকোর অপর পরিচালক এ কে এম মুসা কাজল, প্রয়াত নৌ পরিবহন মন্ত্রী আকবর হোসেনের স্ত্রী জাহানারা আকবর ও এহসান ইউসুফ পলাতক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএসবি/এমএইচবি/২১২৫ ঘ.
bdnews24