ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন রোববার বলেছেন, দুর্নীতিবাজদের সাধারণ ক্ষমা ঘোষণা করার কোন পরিকল্পনা সরকারের নেই।
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের বৈদেশিক সংবাদদাতাদের সংগঠন ওকাব এর এক সভায় আইন উপদেষ্টা জানান, সরকার 'সমঝোতার' বিষয়টি বিবেচনা করছে। তবে সেটা কীভাবে করা হবে তা পরিষ্কার নয়।
উপদেষ্টা বলেন, "প্রস্তাবিত ট্রুথ কমিশনের মাধ্যমে সরকার সমঝোতার বিষয়ে চিন্তাভাবনা করছে।"
সমঝোতা প্রক্রিয়া শুধু ব্যবসায়ীদের জন্য হবে কেন সাংবাদিদের এ প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, আইনে নির্দিষ্ট করে ব্যবসায়ীদের কথা উল্লেখ করা হবে না।
তবে তিনি বলেন, "এ ক্ষেত্রে ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়া হবে।"
সমঝোতার এ পদক্ষেপে রাজনীতিবিদদের বিবেচনা করা হচ্ছে কিনা এর জবাবে উপদেষ্টা বলেন, "এটা নির্ভর করে পরিস্থিতি কি হবে তার ওপর।"
তিনি বলেন, "আমরা কোন ধরনের নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই না। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই।"
উপদেষ্টা জানান, নির্বাচনের খুব বেশি দেরি নেই।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "দেশের স্বার্থেই সরকার ট্রুথ কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের বেশি গুরুত্ব দেওয়া হবে। তবে আইন যেহেতু সবার জন্য সমান তাই ব্যবসায়ীদের পাশাপাশি বর্তমানে দুর্নীতির তালিকাভুক্ত কোন ব্যক্তি চাইলেও এ সুবিধা নিতে পারবেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেআর/ইএইচ/এডি/এমএসবি/এমএইচবি/২০২১ঘ.
bdnews24