ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়ছে এবং সেইসঙ্গে দুএকদিনের মধ্যে বিভিন্নস্থানে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি ছাড়া কয়েকদিন ধরে চলা ভ্যাপসা গরম কমার কোনো সম্ভাবনা নেই।
এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগের সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর। পাাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে সহকারী আবহাওয়াবিদ নাইমা বাতিন জানিয়েছেন, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া, বৃষ্টি না হওয়া ও আকাশ মেঘমুক্ত থাকার কারণেই দেশে ভ্যাপসা গরম পড়েছে। তা ছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গরমের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি রোববার সকাল ছয়টায়ও একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও ঘনীভুত হয়ে উত্তর-পশ্চিমে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘ ও বজ্র মেঘ তৈরি হচ্ছে। এ কারণে বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টি হয়েছে। ঢাকার আকাশেও মেঘের অস্তিত্ব লক্ষ্য করা গেছে। এ কারণে রোববার বা সোমবার রাজধানীসহ কয়েকটি স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে গরম কিছুটা কমে আসবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, লঘুচাপের প্রভাবে সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁিড় বৃষ্টি হচ্ছে। সাগরে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো উপকূলের কাছাকাছি রয়েছে। তবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় কোন সমস্যা হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাজ্জাদ।
বরিশাল প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, দুর্যোগপূর্র্ণ আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ ২৮টি রুটে রোববার ভোর ৬ টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া পটুয়াখালী থেকে প্রতিনিধি খন্দকার দেলোয়ার জালালী জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানকার ২১টি রুটেও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১২৩১ঘ.
bdnews24