ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর আজিমপুর, সূত্রাপুর ও কলাবাগান এলাকায় শনিবার ও শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবজ্যোতি খীসা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী বৃষ্টি দাস আজিমপুরের একটি বাসায় ফ্যানের আংটার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
বৃষ্টির বাবার নাম সন্তোষ দাস। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদরে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, বৃষ্টিসহ চার ছাত্রী আজিমপুর কলোনীর ২২/বি নম্বর বাসার একটি কক্ষে ভাড়া থাকতো। তার রুমমেটরা পুলিশকে জানিয়েছে, বৃষ্টি সকাল ১১টার দিকে ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে তারা পুলিশে খবর দেয়। দুপুর ২টার দিকে পুলিশ গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নবজ্যোতি খীসা বলেন, "আমাদের ধারণা, পারিবারিক কলহের জের ধরে বৃষ্টি আত্মহত্যা করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।"
এদিকে শুক্রবার রাতে সূত্রাপুর থানা পুলিশ রেশমা আক্তার (১৮) নামের এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে। তার মা আছিয়া খাতুন তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে সূত্রাপুর থানার সহকারী উপ-পরিদর্শক শওকত হোসেন জানান, রেশমা সূত্রাপুর এলাকার সাবিদ স্পোর্টস ওয়্যার নামে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতো। কাজে অদক্ষ এই অভিযোগে রেশমার কারখানার কয়েকজন ঊচ্চপদস্থ কর্মী শুক্রবার তাকে মারধর করে। এসময় মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়।
মামলার আসামিরা হলেন ওই পোশাক কারখানার কর্মী আলো বেগম, কামাল হোসেন ও সাইদুর রহমান ইশতিয়াক।
এছাড়া কলাবাগান বাসস্ট্যান্ড এলাকার সাদ রোস্তোরাঁয় সহকর্মীর পিটুনিতে আবু তাহের (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
ওই হোটেলের কর্মী মহসিন জানান, শুক্রবার রাতে ভাত খাওয়ার সময় তাহেরের সঙ্গে আরেক কর্মী শহীদের (১৭) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহীদ মারধর শুরু করলে তাহের অজ্ঞান হয়ে পড়ে। তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, তাহেরের মৃত্যু হয়েছে।
পুলিশ ওই রাতেই লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তাহেরের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরের তাজপুরে। বাবার নাম সাজু মিয়া। সে পাঁচ মাস ধরে সাদ রেস্তোরাঁয় কাজ করছিল।
ধানমণ্ডি থানার সহকারী উপ পরিদর্শক মোফাখখারুল ইসলাম জানান, ওই রেস্তোরাঁর মালিক ইসমাইল হোসেন সাদ বাদী হয়ে এ ঘটনায় শহীদকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ওই রাতেই শহীদকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২২১০ ঘ.
bdnews24