ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এশিয়া এনার্জির সঙ্গে চুক্তি বাতিল করা না হলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেছেন তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে 'এশিয়া এনার্জির অপতৎপরতা ও বাংলাদেশে এডিবি মিশন' বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, "সরকার কোম্পানিটির সঙ্গে চুক্তি বাতিল না করলে তা হবে জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। আর তাদের দুর্নীতি বিরোধী কথা-বার্তাও প্রহসনে পরিণত হবে।"
এশিয়া এনার্জি ও ফুলবাড়ী কয়লা প্রকল্পকে 'জনবিরোধী, পরিবেশ বিরোধী ও জাতীয় স্বার্থ বিরোধী' আখ্যায়িত করে তিনি বলেন, "তাদের (এশিয়া এনার্জি) চরিত্র উন্মোচিত হওয়ার পর জনগণ জীবন দিয়ে ওই প্রকল্প প্রত্যাখ্যান করেছে। অথচ এরকম একটি প্রকল্প নিয়ে উপদেষ্টারা কীভাবে নতুন করে ভাবছেন সেটাই আমাদের প্রশ্ন।"
অনুমোদনের আগেই এডিবির কর্মকর্তারা প্রকল্পটি বাস্তবায়নে নানামুখী চাপ দিচ্ছে উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, "এডিবির কান্ট্রি ডিরেক্টরও এই প্রকল্পের পক্ষে চাপ দিচ্ছেন, তদ্বির করছেন।"
তিনি আরো বলেন, "বিশ্বব্যাংক, আইএমএফ এর মতো এডিবিকেও কোনোভাবে দাতা সংস্থা বা উন্নয়ন সহযোগী বলা যায় না। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে এডিবি যে ঋণ দিয়েছে তাতে দেশের বন, পানি, শিক্ষা, জ্বালানি, ও বিদ্যুৎ খাত ধ্বংস হতে বসেছে। এসব প্রকল্পের কারণে দারিদ্র আরো স্থায়ী রূপ নিয়েছে।"
এশিয়া এনার্জির জালিয়াতির চিত্র তুলে ধরে তিনি বলেন, "প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে কাজ করার অনুমতি দেওয়া না হলেও তারা বাংলাদেশের কয়লা দেখিয়ে লন্ডনের পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করেছে।"
সংগঠনটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, "টাটা ও এশিয়া এনার্জির বিনিয়োগ প্রস্তাব নিয়ে সরকারের সিদ্ধান্তহীনতায় ওই দুটি কোম্পানি ও এডিবি উদ্বেগ প্রকাশ করেছে। তারা বিষয়টিকে অন্যভাবে চিহ্নিত করছে। তারা বলছে, সরকারের সিদ্ধান্তহীনতা বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা পাঠাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের জনগণ এসব বিনিয়োগ চায় না। এই বিনিয়োগের বিরুদ্ধে সরকার যদি স্পষ্ট অবস্থান নেয় তাহলে আর্ন্তজাতিক মহলে এই বার্তা পৌঁছাবে যে বাংলাদেশের মানুষের বোধশক্তি মেরুদণ্ড আছে। বিনিয়োগের নামে ধ্বংস আর লুটের কোনো প্রকল্প তাদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।"
ড. শামসুল আলম বলেন, "এ সরকারের প্রধান কাজ নির্বাচনের আয়োজন করা। জনগণের অধিকারের প্রশ্ন জড়িত এমন কোনও সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এ সরকারের নেই।"
বিচারপতি গোলাম রব্বানী বলেন, "সংবিধানের ৫৮ (ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করবে। এখন সরকার যদি জনগণের দাবি না মানে তাহলে তা হবে খুব দুঃখজনক।"
সংবাদ সম্মেলনে বক্তারা উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরেন।
তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির পক্ষে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপক আকমল হোসেন, টিপু বিশ্বাস, জুনায়েদ সাকী, মোর্শেদ আলী প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/জেকে/এমএ/১৭২২ ঘ.
bdnews24