২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল সেমাই তৈরির অভিযোগে সিলেটে বিএনপি নেতার কারখানা সিলগালা

ভেজাল সেমাই তৈরির অভিযোগে সিলেট নগরীর সোবহানীঘাটে এক বিএনপি নেতার কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে অভিযানের সময় আদালত কারখানাটি থেকে প্রায় পাঁচ লাখ টাকার ভেজাল সেমাই উদ্ধার করে। এ সময় কারখানার ব্যবস্থাপককেও আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 05:45 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

সিলেট, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভেজাল সেমাই তৈরির অভিযোগে সিলেট নগরীর সোবহানীঘাটে এক বিএনপি নেতার কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে অভিযানের সময় আদালত কারখানাটি থেকে প্রায় পাঁচ লাখ টাকার ভেজাল সেমাই উদ্ধার করে। এ সময় কারখানার ব্যবস্থাপককেও আটক করা হয়। প্যারামাউন্ট ফুড প্রোডাক্টস নামের ওই কারখানার মালিক জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাহার শামীম। অভিযানে উপস্থিত থাকা বিএসটিআই এর মাঠ কর্মকর্তা কেএম হানিফ বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতারণার মাধ্যমে ভেজাল খাদ্য প্রক্রিয়াজাত করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া লোগো ব্যবহার করার অভিযোগে আবুল কাহার শামীমসহ তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।" তিনি জানান, র‌্যাব-৯ এর গোয়েন্দা দলের তথ্যের ভিত্তিতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিংহের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোবহানীঘাটের মৌবন আবাসিক এলাকায় প্যারামাউন্ট ফুড প্রোডাক্টস এর ওই কারখানায় অভিযান চালায়। বৃহস্পতিবার রাত নয়টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার অভিযানে ভেজাল সেমাই তৈরির নানা উপকরণ ও ময়লা মেশানো সেমাই উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত কারখানার ব্যবস্থাপক কেশব আচার্যকে আটক করে এবং তাৎক্ষণিকভাবে কারখানাটি সিলগালা করে দেয়। এ সময় আবুল কাহার শামীম বাসায় ছিলেন না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জেকে/২৩৪৮ ঘ.