বাগেরহাট, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মোল্লাহাট উপজেলার জয়ডিহি বাসস্ট্যাণ্ডের কাছে শুক্রবার দুটি বাসের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, দুপুরে বাগেরহাট-মাওয়া মহাসড়কে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাসের সঙ্গে মোল্লাহাট থেকে রূপসাগামী একটি মিনিবাসের সংঘর্ষ হয়।
এতে সুন্দরবন পরিবহনের বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে গেলে আফরোজা বেগম (৩০) নামে এক বাসযাত্রী নিহত হন। আহত হয় দুই বাসের অন্তত ৪০ যাত্রী।
আহতদের মধ্যে আফরোজার স্বামী শহিদুল ইসলাম মিন্টু (৪১), মেয়ে সায়মা আক্তার মেঘনা (৯), বাসযাত্রী সাবিনা (২৫), এমদাদ (২৮), হায়দার (৪৮), জব্বার (২২), রফিকুল ইসলাম (২৫), শওকত (৪২), শহিদুল ইসলাম (২৭), মো. শাহাদাত (২০), তাহমিনা (৩৫), ঝর্ণা (২২), তাজুল ইসলাম (১৮) ও শহিদুলকে (২৯) মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাকিদের মোল্লাহাট স্বাস্থ্য কেন্দ্রসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নিহত আফরোজার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাঁতি গ্রামে। তিনি সপরিবারে খুলনায় বসবাস করতেন। চাচা এসকেন্দার কাজীর মৃত্যু সংবাদ পেয়ে সুন্দরবন পরিবহনের ওই বাসে করে স্বামী-সন্তানসহ খুলনা থেকে তেলিগাঁতিতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন তিনি।
পুলিশ বাস দুটি আটক করলেও চালকরা পালিয়ে গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/১৮৫০ ঘ.
bdnews24