সিরাজগঞ্জ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বৃহত্তর চলনবিল এলাকার সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে এক শ্রেণীর জেলে নিয়ন্ত্রণহীনভাবে বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা মাছ ও পোনা শিকার করছে। এসব মাছ নিয়মিত বিক্রি হচ্ছে সিরাজগঞ্জ-নাটোর-বনপাড়া মহাসড়কের পাশের বাজারগুলোতে। পাশাপাশি শুকনো মৌসুমে কৃষিকাজের জন্য ব্যবহার করা হচ্ছে অতিরিক্ত কীটনাশক। এসব কারণে চলনবিলের অনেক প্রজাতির মাছ এরই মধ্যে হারিয়ে গেছে, বাকিগুলোও এখন বিলুপ্তির পথে।
'৯০ এর দশকের শুরুর দিকেও চলনবিলকে ১৭৫ প্রজাতির মিঠা পানির মাছের বিচরণস্থল ধরা হতো। কিন্তু এরপর অন্তত ৫৫ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে বলে জানিয়েছে সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিস।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মান্নান এর জন্য অনিয়ন্ত্রিত মৎস্য শিকার, জমিতে কীটনাশক ব্যবহার ও মাছের জন্য অভয়াশ্রম গড়ে না তোলাকে দায়ী করেছেন। তিনি বলেন, "স্থানীয় কিছু প্রভাবশালী ও টাউট বর্ষাকালে প্রান্তিক মানুষদের অবৈধ মাছ শিকারে উৎসাহিত করে। ফলে বাকি ১২৫ প্রজাতির মাছও এখন বিপন্ন অবস্থায় চলে গেছে।"
মৎস্য আইনে বদ্ধ জলাশয়ে ঘের বা সুতি জালের সাহায্যে মৎস্য শিকার নিষিদ্ধ। এছাড়া প্রজনন মৌসুমে মা মাছ ও পোনা শিকারেও নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা, দবিরগঞ্জ, মান্নান নগর, হামকুরিয়া গ্রাম ঘুরে দেখা গেছে, এক শ্রেণীর জেলে সরকারি মৎস্য আহোরণ আইনের তোয়াক্কা না করে সুতি, কারেন্ট ও টানা জাল দিয়ে নিয়ন্ত্রণহীনভাবে মাছ শিকার করছে। তাড়াশের মহিষলুতি ও মান্নান নগর বাজারে বিক্রি হচ্ছে প্রচুর ডিমওয়ালা মাছ।
তাড়াশের সিরাজগঞ্জ-নাটোর-বনপাড়া মহাসড়কের ৮ ও ৯ নম্বর সেতুর নিচে মাছ শিকাররত একদল জেলে জানায়, তারা স্থানীয় ইউপি চেয়াম্যান ও মেম্বারদের 'ম্যানেজ' করে এ কাজে নেমেছে।
এসব এলাকার বাজারগুলোতে সচরাচর ১৫ থেকে ২০ লাখ টাকার মাছ বিক্রি হয়। এর মধ্যে মুহিষলুতি বাজারে মাছ বিক্রি সবচেয়ে বেশি। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা মাছ কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে।
মুহিষলুতি বাজারের সভাপতি মো. ইয়াসিন আলী জানান, "প্রতিদিন এখানে অনেক জেলে মাছ বিক্রি করতে আসে। তাদের কেউ কেউ ডিমওয়ালা মাছও নিয়ে আসে। এসব মাছ মারা বেআইনি বলার পরও তারা আইনের তোয়াক্কা করছে না।"
অন্যদিকে, তাড়াশের মাগুরা-বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান দাবি করেন, "এবার চলনবিলে প্রচুর মাছ আছে। তাড়াশের জেলেরা মাছ শিকার না করলে এগুলো তাদের জন্য পড়ে থাকবে না। বরং নাটোর বা পাবনার জেলেরা এতে লাভবান হবে।"
আইন ভঙ্গ করে জেলেরা মাছ শিকার করলেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না- এমন প্রশ্নের জবাবে নিজেদের অসহায়ত্বের কথা অকপটে প্রকাশ করেন তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি বলেন, "আমাদের কর্মচারী মাত্র মাত্র চারজন। এত কম লোকবল নিয়ে চলনবিলের এক তৃতীয়াংশ এলাকা নজরে রাখা খুবই কঠিন কাজ। কমপক্ষে বিশজন মানুষ এবং পাঁচটি ইঞ্জিন নৌকা আমাদের থাকা প্রয়োজন।"
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন এ বিষয়ে বলেন, "উপজেলা মৎস্য বিভাগ আমাদের সহায়তা চাইলেই কেবল আমরা তাদের সঙ্গে যাই। স
bdnews24