২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-বোনাস দাবিতে সাভারে গার্মেন্টস ভাংচুর

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা শুক্রবার একটি পোশাক কারখানায় ভাংচুর চালায়। বিক্ষোভ হয়েছে অপর একটি কারখানায়ও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 08:52 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

সাভার, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা শুক্রবার একটি পোশাক কারখানায় ভাংচুর চালায়। বিক্ষোভ হয়েছে অপর একটি কারখানায়ও। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী মকবুল হোসেনের 'পান্না টেক্সটাইলস' এ ভাংচুর চালায় শ্রমিকরা। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঈদ বোনাস ও এক মাসের বকেয়া বেতন এক সঙ্গে দেয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক। ওই সময় কর্তৃপক্ষ শুধু বকেয়া বেতনের অর্ধেক দেয়ার কথা জানালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাংচুর চালায় এবং মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে যোগাযোগ করা হলে পান্না টেক্সটাইল এর মহাব্যবস্থাপক (জিএম) খালেদ খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই অর্ধেক বেতন দেয়ার কথা বলা হয়েছে। কর্তৃপক্ষ বেতন-বোনাস একসঙ্গে না দিতে চাইলে আমার কী করার আছে।" অপরদিকে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে পৌর এলাকার ইমান্দিপুর মহল্লার 'ফ্যাশন টয়েজ' কারখানার ১৪৫ জন শ্রমিক একত্রিত হয়ে শুক্রবার সকাল ৮টার দিকে কারখানার প্রধান ফটকে অবস্থান নেয়। পরে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের উপস্থিতিতে মালিক পক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা ফিরে যায়। কারখানার পরিচালক ফিরোজ মিয়া সাংবাদিকদের জানান, রোববারের মধ্যেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৮ ঘ.