ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হককে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ১ নভেম্বর তিনি এই দায়িত্বভার নেবেন। এদিকে ওই পদে বর্তমান চেয়ারম্যান বিচারপতি আবু সাঈদ আহাম্মদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
এ ছাড়া উপ-সচিব পর্যায়ের চার কর্মকর্তার পদে রদবদল করেছে সরকার।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এসব রদবদল ও নিয়োগ আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে বিচারপতি আবু সাঈদ আহাম্মদ গত ২৪ সেপ্টেম্বর আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। ১ নভেম্বর তার নিয়োগ বাতিল হবে। একই দিন থেকে বিচারপতি এবাদুল হকের নিয়োগ কার্যকর হবে।
এদিকে জীবন বীমা কর্পোরেশনের মহাব্যবস্থাপক বি এম কামালকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সচিব পদে এবং বেপজার সচিব আলী আকবরকে জীবন বীমার মহাব্যবস্থাপক পদে নিয়োগ করা হয়েছে।
এ ছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব শামসুল কিবরিয়াকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক ও মীর আলী রেজাকে মাধ্যমিক স্তরের ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্পে-২ এর উপ-পরিচালক নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএইচবি/২৩৪৬ ঘ.
bdnews24