ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয়ের বাইরে প্রায় ২২ কোটি টাকার সম্পদ অর্জন ও সম্পদ সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে করা মামলায় ভোলার বিএনপিদলীয় সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রী মাফরুজা সুলতানা রনির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক সৈয়দ তাহসিনুল হক মামলার তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. মিজানুর রহমানের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম গত ৮ মে গুলশান থানায় বাদি হয়ে মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রী গত ২৫ ফেব্র"য়ারি সম্পদের যে তথ্য দাখিল করেন দুদকের তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়েছে।
অভিযোগে আরো বলা হয়, গত ২০০১-২০০৬ সাল পর্যন্ত অভিযুক্তরা পরস্পর যোগসাজশে অসাধু উপায়ে প্রায় ২১ কোটি ৯১ লাখ ৪২ হাজার ৮৮০ টাকার মালিক হয়েছেন। এটা তাদের জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
অভিযুক্ত মাফরুজা সুলতানা রনি রূপালী ব্যাংকের একজন পরিচালক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএসবি/এমএইচবি/২১৫২ ঘ.
bdnews24