২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের অগ্রিম টিকেটের জন্য লম্বা লাইন

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিন বৃহস্পতিবারেই বিক্রি হয়েছে ৩ হাজার ৭৮১টি। সকাল থেকেই কাউন্টারগুলোর সামনে লম্বা লাইন পড়ে। তবে লাইনে দাঁড়ানো সবাই টিকেট পাননি। একটু দেরি করে আসা যাত্রীদের বেশিরভাগই হতাশ হয়ে ফিরে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 02:48 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিন বৃহস্পতিবারেই বিক্রি হয়েছে ৩ হাজার ৭৮১টি। সকাল থেকেই কাউন্টারগুলোর সামনে লম্বা লাইন পড়ে। তবে লাইনে দাঁড়ানো সবাই টিকেট পাননি। একটু দেরি করে আসা যাত্রীদের বেশিরভাগই হতাশ হয়ে ফিরে গেছেন। এদিন শুধু ৯ অক্টোবরের টিকেটই বিক্রি করা হয়েছে। দিনাজপুরের টিকেট নিতে পল্লবী'র শাকিল ও মিলন ভোর সাড়ে ৫টার দিকে কমলাপুর স্টেশনে এসে দেখেন তখনই শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে গেছেন। সকাল ৮টায় টিকেট দেওয়া শুরু হলে পৌনে ১০টার দিকে তারা তিনটি টিকেট কাটতে পারেন। তবে তিনটি টিকেটই হচ্ছে বিরামপুরের। অর্থাৎ তাদের দিনাজপুরের তিন স্টেশন আগেই নামতে হবে। মোজাম্মেল হক সেহরি খেয়েই দোকানের কর্মচারী লিটনকে নিয়ে সিলেটের টিকেট কাটতে এসেছিলেন। তিনি জানান, লিটনকে লাইনে দাঁড় করিয়ে খবরের কাগজ বিছিয়ে বারান্দায় বসেছিলাম। পরে কাউন্টারের কাছাকাছি গেলে দুজন লাইনে দাঁড়িয়ে চারটি টিকেট কেটেছি। সকাল ১০টার পরে ভিড় বেশ বেড়ে যায়। বিকেল ৪টা পর্যন্ত টিকেট বিক্রি চললেও সকাল ১০টার পর লাইনে দাঁড়ানো যাত্রীরা কোনো টিকেট পায়নি। বৃহস্পতিবার সারাদিনই বিশেষ কাউন্টারগুলোর সামনে ছিল প্রচণ্ড ভিড়। রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) শিরিন আক্তার জানান, বৃহস্পতিবার ৯ অক্টোবরের ২০টি আন্তঃনগর রুটে ৩ হাজার ৭৮১টি টিকেট বিক্রি হয়েছে। তিনি জানান, শুক্রবার পাওয়া যাবে ১০ অক্টোবরের টিকেট, শনিবার ১১ অক্টোবরের, রোববার ১২ অক্টোবরের এবং সোমবার পাওয়া যাবে ১৩ অক্টোবরের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএআর/এমএইচবি/২০৩৪ ঘ.