ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী বছর ২৮ ফেব্র"য়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। এতে ওই সময়ের মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়।
বৃহস্পতিবার বিচারপতি নাজমুল আরা সুলতানা ও বিচারপতি মো. আবু তারিকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে জনস্বার্থে এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল ওয়াদুদ খন্দকার। আগামী ২৮ অক্টোবর রিটটির ওপর শুনানি হবে।
২০০৮ সালের ২৮ ফেব্র"য়ারির মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনের সচিবকে কেন নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানাতে রুল জারিরও আবেদন জানানো হয়েছে।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার মূখ্য সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়।
রিট দায়েরের পর আব্দুুল ওয়াদুদ খন্দকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৮ সালের ২৮ ফেব্র"য়ারির মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে রিট করেছি। সুপ্রিম কোর্টের শরৎকালীন অবকাশ শেষ হওয়ার পর খোলার দিন ২৮ অক্টোবর রিটটির ওপর শুনানি হবে।"
রিট আবেদনে বলা হয়, "সাবেক এক সিনিয়র আমলাকে প্রধান করে, অপর এক আমলা ও সাবেক এক বিগ্রেডিয়ার জেনারেলকে সদস্য করে বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে। কমিশন গঠনের প্রথম চার মাস সময় চলে গেলেও নির্বাচনের কোন কার্যক্রম গ্রহণ না করে তারা সময় কাটিয়েছে। চার মাস পর নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করে কমিশন। এরপর কমিশন বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে আসছে যেগুলোর একটির সঙ্গে অপরটির কোন সম্পর্ক নেই।"
রিট আবেদনে আরও বলা হয়, "ভোটার তালিকা প্রণয়নের জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ আনা হয়েছে। অথচ এ কাজে তাদের কোন অভিজ্ঞতা নেই।"
২০০৬ সালে তখনকার নির্বাচন কমিশনের ভোটার তালিকার উল্লেখ করে রিটে বলা হয়েছে, ওই তালিকা মেনেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলসহ সব রাজনৈতিক দল মিলে মনোনয়নপত্র দাখিল করেছিল। কিন্তু পরে ওই বছরের ৩ জানুয়ারি রহস্যজনক কারণে ১৪ দলীয় জোট মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। এর পর ৪ জানুয়ারি থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি দেওয়ায় ২২ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়নি।
রিটে বর্তমান সরকার সেনা সমর্থিত একটি অন্তবর্তী সরকার বলে উল্লেখ করে বলা হয়, "এ সরকার তাদের সাংবিধানিক দায়িত্বের বাইরে কাজ করছে।"
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বের বিষয়ে রিটে সংবিধানের ৫৮ ঘ অনুচ্ছেদের উল্লেখ করে রিট আবেদনে বলা হয়, "নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে রকম সাহায্য ও সহায়তার প্রয়োজন হবে নির্বাচন কমিশনকে সে রকম সকল সম্ভাব্য সাহায্য ও সহায়তা দেবে।"
সংবিধানের এই বিধানের তোয়াক্কা না করে বর্তমান সরকার দৈনন্দিন কাজের বাইরে দীর্ঘমেয়াদী ও নীতি নির্ধারনী সব বিষয়ে হাত লাগাচ্ছেন বলে রিট আবেদনে বলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএসবি/এমএ/১৯৩৩ঘ.
bdnews24