২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঘুচাপের প্রভাবে সারা দেশে ভ্যাপসা গরম

পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার সকালে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে প্রায় সারা দেশে অনূভূত হচ্ছে ভ্যাপসা গরম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 12:44 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার সকালে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে প্রায় সারা দেশে অনূভূত হচ্ছে ভ্যাপসা গরম। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা লঘুচাপটি পর্যবেক্ষণ করছি। এটি আরো জোরদার হওয়ার সম্ভাবনা আছে।" বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় বলা হয়, "পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় একই এলাকায় সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের প্রভাবে দেশ জুড়েই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এর কারণে সাগর থেকে আসা মৌসুমি বায়ু প্রবাহ দুর্বল হওয়ায় বৃষ্টিপাত কম হচ্ছে। তাই গরম বেশি লাগছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৭০ শতাংশ। লঘুচাপটি স্থলভাগের দিকে উঠে এলে বৃষ্টিপাত হবে। সঙ্গে সঙ্গে গরম কমে যাবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এস এম মাহমুদুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএসবি/এমএ/১৮৪৪ ঘ.