২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আজম চৌধুরীর চাঁদাবাজি মামলায় অভিযোগ গ্রহণ আবার পেছালো

শেখ হাসিনার বিরুদ্ধে আজম চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলার অভিযোগপত্র বৃহস্পতিবারও গ্রহণ করেননি আদালত। আগামী ২৪ অক্টোবর এ মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য পুনরায় তারিখ ধার্য করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম কে এম রুহুল আমীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার বিরুদ্ধে আজম চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলার অভিযোগপত্র বৃহস্পতিবারও গ্রহণ করেননি আদালত। আগামী ২৪ অক্টোবর এ মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য পুনরায় তারিখ ধার্য করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম কে এম রুহুল আমীন। এ নিয়ে এ মামলায় অভিযোগপত্র গ্রহণের তারিখ তৃতীয় বারের মতো পিছিয়ে গেল । গত ২৪ জুলাই গুলশান থানায় দায়ের করা এ মামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক তদন্ত শেষে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তাদের ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন । শেখ হাসিনা ও শেখ ফজলুল করিম সেলিম এ মামলায় আটক ও শেখ রেহানা বিদেশে রয়েছেন। তবে অভিযোগপত্রে শেখ রেহানাকে পলাতক উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ অভিযোগপত্রটি গ্রহণ করা হবে কি না এবং এ মামলার ব্যাপারে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ ও আপীল বিভাগের সিদ্ধান্ত কি এ ব্যাপারে এক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অভিযুক্তদের আইনজীবীরা মামলাটির অভিযোগপত্র গ্রহণ মূলতবি রাখার আবেদন করেন। উল্লেখ্য, এ মামলাটির জরুরি ক্ষমতাবিধিমালায় অন্তর্ভূক্তিসহ সমস্ত কার্যক্রম চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। হাইকোর্ট মামলায় শেখ হাসিনাকে জামিন দিয়ে মামলার কার্যক্রম স্থগিত করেন। সরকার পক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গেলে আপিল বিভাগ মামলার কার্যক্রম স্থগিতের আদেশ ও জামিন আদেশ নাকচ করে দিয়ে হাইকোর্টকে এ মামলাটিতে জারি করা রুলটির দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। বৃহস্পতিবার আইনজীবীরা আদালতে বলেন যেহেতু এখনো হাইকোর্টে ওই রুলটির নিষ্পত্তি হয়নি সুতরাং এ মামলার অভিযোগপত্রটিও এ পর্যায়ে গ্রহণ করা হবে বেআইনী । এর পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম অভিযোগপত্র গ্রহণের জন্য নতুন তারিখ ধার্য করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮২৫ঘ.