চট্টগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঈদে ঘরমুখো মানুষের সুবিধার কথা চিন্তা করে চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ৯ অক্টোবরের অগ্রীম টিকেট দেওয়া হচ্ছে। এছাড়া, ৫ অক্টোবর ১০ অক্টোবরের, ৬ অক্টোবর ১১ অক্টোবর, ৭ অক্টোবর ১২ অক্টোবর ও ৮ অক্টোবর ১৩ অক্টোবরের অগ্রিম টিকিট বিক্রি চলবে। কোনো দিনের টিকিট অবিক্রিত থেকে গেলে তা সাধারণ নিয়মেই বিক্রি হবে।
অগ্রীম টিকেট বিক্রির প্রথম দিনে সকালে ক্রেতাসংখ্যা তেমন দেখা যায়নি। চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার এ টি এম গোলাম মোস্তফা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লা এবং ঢাকা, সিলেট ও চাঁদপুর কাউন্টারে ৯ অক্টোবরের ৫০ শতাংশেরও কম টিকেট বিক্রি হয়েছে। ১১, ১২ ও ১৩ অক্টোবর ঘরমুখো মানুষের ভিড় বেশি থাকবে এবং সে সময়ের অগ্রিম টিকিট বিক্রি হবে বেশি।
তিনি জানান, ঈদে যাত্রীদের দুর্ভোগ লাঘবে শুধু চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী দুটি ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। অন্যদিকে সিলেট ও ময়মনসিংহগামী জালালাবাদ ও বাহাদুরাবাদ এক্সপ্রেসের দুটি করে বগি বেড়েছে।
এদিকে শুক্রবার সকাল থেকে বিভিন্ন রুটে অগ্রীম টিকেট বিক্রি শুরু করবে বিআরটিসি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/আরএ/এসএনডি/১৬১০ ঘ.
bdnews24