ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজার ছেলে মাহী বি চৌধুরী বৃহস্পতিবার এক ইফতার পার্টিতে দাওয়াত দিতে বিএনপির সংস্কারপন্থী অংশের নেতা আব্দুল মান্নান ভূঁইয়ার বাসায় গিয়েছেন। দুপুর দেড়টায় তিনি গুলশানের ন্যাম ফ্ল্যাটে মান্নান ভূঁইয়ার বাসায় যান। সেখানে তিনি প্রায় ২০মিনিট ছিলেন।
নতুনভাবে নামকরণ করা বিকল্পধারা বাংলাদেশ এর প্রেসিডেন্ট বি চৌধুরী হিসেবে ৮ অক্টোবর হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে অনুষ্ঠেয় এ ইফতার পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন।
সাক্ষাৎ শেষে মাহী বি চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানোর জন্য আমি এসেছি। আশাকরি তিনি এ ইফতার পার্টিতে তিনি আসবেন।"
এক প্রশ্নের জবাবে মাহী বি. চৌধুরী বলেন, "মান্নান ভূঁইয়া সাহেব শ্রদ্ধেয় নেতা। আজকে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। মতভিন্নতা থাকলেও ইফতারে সবাই আসবেন- এটা আমরা প্রত্যাশা করি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১৪০০ ঘ.
bdnews24