ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধ করতে বিভিন্ন সন্দেহজনক মেডিকেল কোচিং সেন্টারের ওপর নজরদারি করবে স্বাস্থ্য অধিদপ্তর। এক্ষেত্রে গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ারও চিন্তাভাবনা চলছে। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. শাহজাহান বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বুধবার জানান, প্রশ্ন ফাঁসের ঘটনা রোধ করতে এবার সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হবে।
তিনি বলেন, "বিগত বছরে যে গুজব উঠেছিল তা দুঃখজনক। মেডিকেল এডুকেশন খুবই স্পর্শকাতর বিষয়। এ বিষয়ে সতর্ক থাকা উচিত।"
যেসব কোচিং সেন্টার আকর্ষণীয় বিজ্ঞাপন দিচ্ছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বিভিন্ন সময় ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজবের কারণে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। মেডিকেল শিক্ষা বিশেষজ্ঞ ও মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষরা কোচিং সেন্টারগুলোর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন। কোচিং সেন্টারগুলোর আয় সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকেও কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন বিভাগের কর্মকর্তারা জানান, মেডিকেলে ভর্তির জন্য রাজধানীতে কমপক্ষে ১৫টি কোচিং রয়েছে। এর মধ্যে কয়েকটির কার্যক্রমে সন্দেহ করা হচ্ছে- তারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকতে পারে। কিছু কিছুৃ কোচিং সেন্টার শিক্ষার্থীদের ভর্তির নিশ্চয়তা দিয়ে আকর্ষণীয় বিজ্ঞাপন দেয়। এ থেকে দুর্নীতির সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (মেডিকেল এডুকেশন) ডা. কাজী সাদেক হোসেন বুধবার টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার জন্য এ মাসের ৭ বা ৮ তারিখের দিকে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে চিঠি দেওয়া হবে। পুলিশের মহাপরিদর্শক, বিভিন্ন জেলার ডিসি, পুলিশ সুপারের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হবে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, এবার পরীক্ষা সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের কোনো কর্মকর্তা ও কর্মচারীর সন্তান বা আত্মীয় ভর্তি পরীক্ষার্থী হলে পরীক্ষার কার্যক্রম থেকে তাদের সরিয়ে দেওয়া হবে।
চলতি বছর দেশের ১৫টি মেডিকেল কলেজে দুহাজার ১২০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে ৪০টি আসন মুক্তিযোদ্ধার সন্তাদের জন্য, ২০টি আদিবাসীদের জন্য ও ৮০টি বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/১৯০০ ঘ.
bdnews24