ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার রায় হবে আগামী ৮ অক্টোবর।
বুধবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিশেষ জজ আদালত- ১ এর বিচারক মো. ফিরোজ আলম রায় ঘোষণার এ তারিখ দেন।
যুক্তিতর্ক উপস্থাপনের পর আসামি পক্ষের আইনজীবী এ এফ এ আব্দুল ওয়াদুদ আদালতের কাছে মোহাম্মদ নাসিমকে নির্দোষ দাবি করে তাকে মুক্তি দেওয়ার আবেদন জানান।
জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামীম আহসান হাবিব বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাকে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।
গত ২১ মার্চ নাসিম ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর বিরুদ্ধে এক কোটি ৬৩ লাখ ৭৭ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, কমিশনের দাখিল করা হিসাব বিবরণীতে আসবাবপত্রের মূল্য বাবদ ২৩ লাখ ৪৭ হাজার এবং ইলেকট্রনিক সামগ্রী বাবদ ২২ লাখ ২০ হাজার টাকা কম দেখানো হয়েছে। তেজগাঁও থানার পশ্চিম রাজাবাজারে স্ত্রীর নামে থাকা বাসার দাম ১৩ লাখ এবং সিরাজগঞ্জের বাড়ির দাম ৮২ লাখ ১৪ হাজার ১৩৯ টাকা কম দেখানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এছাড়া, আইএফআইসি ব্যাংকের ফেডারেল শাখায় তিন লাখ এক হাজার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ধানমন্ডি শাখায় চার লাখ ৬৯ হাজার ৫৮৭, লকারে ৫০ হাজার টাকার স্বর্ণালংকার, পাবনা জেলার কাশীনাথপুরে দুই লাখ ৪৮ হাজার ৪২ টাকা মূল্যের তিন দশমিক ৯২ একর জমি, আল-আমীন সিটি টাওয়ারে দুইটি ফ্ল্যাট, একটি গাড়ি ও একটি গ্যারেজ বুকিং বাবদ নয় লাখ ১৯ হাজার টাকার হিসাবেও গড়মিল রয়েছে বলে মামলার এজাহারে বলা হয়।
১৯ জুলাই কমিশনের উপ-পরিচালক আখতার হামিদ ভূঁইয়া নাসিম দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
ওই দিনই ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আজিজুল হক মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত- ১ এ পাঠানোর নির্দেশ দেন।
মোহাম্মদ নাসিম কারাগারে আটক থাকলেও তার স্ত্রী পলাতক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এসকে/১৭৪৫ঘ.
bdnews24