২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার মামলায় ব্যারিস্টার আমিনুলের বিরুদ্ধে অভিযোগপত্র

সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে প্রতারণা ও দেড় লাখ টাকা চাঁদাবাজির একটি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 09:38 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

রাজশাহী, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে প্রতারণা ও দেড় লাখ টাকা চাঁদাবাজির একটি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন রাজশাহীর প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ব্যারিস্টার আমিনুল হক ছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তানোরের মন্ডুমালা পৌরসভার চেয়ারম্যান শীশ মোহাম্মদ, তানোর উপজেলা যুবদলের আহ্বায়ক এবং চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিনকে অভিযুক্ত করা হয়েছে। ওসি নুরুল আমিন জানান, তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের গোলাম মোস্তফা বাদি হয়ে এ বছরের ৫ মে দেড় লাখ টাকা চাঁদাবাজি ও চাকরি দেবার নামে প্রতারণার অভিযোগে তানোর থানায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ করা হয়, ডাক বিভাগে চাকরি দেবার জন্য ২০০৪ সালের ২৯ সেপ্টেম্বর মফিজ উদ্দিন এবং শীশ মোহাম্মদকে দেড় লাখ টাকা দেন বাদি। কথা ছিল, মন্ত্রীর মাধ্যমে বাদিকে চাকরি দেয়া হবে। কিন্তু বিএনপি সরকারের মেয়াদ শেষ হয়ে গেলেও বাদির চাকরি হয়নি। উপরন্তু টাকা ফেরত চাইলে বাদিকে ভয়-ভীতি ও হুমকি দেয় আসামিরা। জঙ্গি মদদ, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে জরুরি অবস্থা জারির পর মোট ১১টি মামলা হয়। এর মধ্যে একটি মামলায় গত ২৬ জুলাই ব্যারিস্টার আমিনুল হক, শীশ মোহাম্মদসহ ২৫ জনের ৩১ বছর ৬ মাস সাজা হয়। তবে আমিনুল হক ও শীশ মোহাম্মদ দীর্ঘদিন ধরেই পলাতক রয়েছেন। ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ২৬ ফেব্র"য়ারি গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৫ ঘ.