২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ এমএএইচ সেলিমের বিরুদ্ধে আরেকটি মামলার অভিযোগপত্র

চাঁদাবাজির একটি মামলায় বাগেরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. আব্দুল হাকিম সেলিমসহ ১৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 09:07 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

বাগেরহাট, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির একটি মামলায় বাগেরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. আব্দুল হাকিম সেলিমসহ ১৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার এ অভিযোগপত্র দাখিল করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চৌধুরী। এ নিয়ে সাবেক এমপি সেলিমের বিরুদ্ধে বাগেরহাটে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা নয়টি মামলার পাঁচটির অভিযোগপত্র দেয়া হলো। অভিযুক্ত অন্যরা হলেন, সেলিমের ব্যক্তিগত সহকারী হাসিবুর রহমান, সেলিমের ভাই শাহীন ডাকুয়া, বাগেরহাট চেম্বার অফ কমার্সের সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক শেখ শমসের আলী মোহন, বিএনপি নেতা রাকিবুল হাসান রাকিব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মেহেবুবুল হক কিশোর, যুবদল নেতা নাজমুল হাসান, মল্লিক মোকাদ্দেস হোসেন ডলার, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোল্লা সুজা উদ্দিন সুজন, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিমুল আজিম, রফিকুল ইসলাম ও গোলাম মোস্তফা বলাই। এরমধ্যে যুবদল নেতা মল্লিক মোকাদ্দেস হোসেন ডলারের নাম এজাহারে ছিল না। ওসি সিরাজুল ইসলাম জানান, তদন্তে ওই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় যুবদল নেতা ডলারের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়। দেশে জরুরি অবস্থা জারির পর গত ২১ জুন ঠিকাদার খান মুজিবর রহমান বাদি হয়ে এমএএইচ সেলিমসহ ১৪ বিএনপি নেতাকর্মীর নামে বাগেরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, জোট সরকার ক্ষমতায় থাকাকালে ২০০৫ সালের ১৭ মে তৎকালীন সাংসদ সেলিমসহ আসামিরা ঠিকাদার মুজিবর রহমানের কাছ থেকে উত্তরা ব্যাংকের চেকের মাধ্যমে ১০ লাখসহ বিভিন্ন সময়ে মোট ২২ লাখ টাকা চাঁদা নেন। সেলিমসহ অভিযোগপত্রভুক্ত আসামি আলী রেজা বাবু, শেখ নজরুল ইসলাম, শেখ শাহেদ আলী রবি, হাসিবুর রহমান, রাকিবুল হাসান, ওয়াসিমুল আজিম, গোলাম মোস্তফা বলাই ও নাজমুল হাসান বর্তমানে কারাগারে আছেন। বাকিরা পলাতক রয়েছেন। বাগেরহাটের তিনটি থানায় সেলিম ও তার সহযোগীদের নামে নয়টি এবং ঢাকার গুলশান থানায় তিনটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। এ ছাড়া চ্যানেল ওয়ানের এক কর্মকর্তা গুলশান থানায় সেলিমের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৫০৮ ঘ.