ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর পল্লবী এলাকায় মঙ্গলবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা জাহিদুল (১৯) নামে একজন গার্মেন্টস শ্রমিককে গলা কেটে হত্যা করেছে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জাহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা এলাকার বাসিন্দা শ্রী অতুল চন্দ্র বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ১১ টার দিকে মিরপুর পূরবী সুপার মার্কেটের সামনে পোস্ট অফিসের পাশে কয়েকজন সন্ত্রাসী জাহিদুলের গলায় ক্ষুর চালায়।
অতুল চন্দ্র জানান, এলাকাবাসীর সহায়তায় রাত ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
পল্লবী থানার উপপরিদর্শক নূর আলম রাত সাড়ে ১২ টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব নয়।
এর আগে সোমবার রাতে পল্লবী থানার কালাপানি এলাকায় সন্ত্রাসীরা মো. জহিরুল ইসলাম মিন্টু খান (৩৩) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/০১৫৭ ঘ.
bdnews24