চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীতে অটিস্টিক শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে খেলাধুলা, মনোবিকাশ, পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে গঠন করা হয়েছে 'অটিস্টিক চিলড্রেন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন'।
মঙ্গলবার দুপুরে নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে সংগঠনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এখানে ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, অটিস্টিক শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নানা কর্মসূচির পাশাপাশি নগরীতে তাদের জন্য একটি পৃথক হাসপাতাল, মনোবিকাশ ও পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া অটিজম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতেও এই সংগঠন কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
সংগঠনের চেয়ারম্যান চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম. মনজুর আলম, লেফট্যানেন্ট কর্নেল তোফায়েল আহমেদ, শিল্পপতি সালমান ইস্পাহানি, আমীরুল হক, ডা. সানাউল্লাহ প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/২২৩১ঘ.
bdnews24