ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে পিরোজপুরে এক সাংবাদিককে মঙ্গলবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। একই অভিযোগে রাজশাহীতে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। একইদিন সাভারে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে দুই সাংবাদিকের বিরুদ্ধে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর পিরোজপুর সংবাদদাতা জানান, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক 'পিরোজপুরের খবর' এর সম্পাদক জহিরুল হক টিটুকে মঙ্গলবার দুপুরে জেলা শহরের এলজিইডি অফিসের সামনে থেকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। পরে তাকে পুলিশে তুলে দেয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, টিটুর বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে। তাকে জরুরি ক্ষমতা অধ্যাদেশের ১৬ (২) ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
টিটুকে বুধবার আদালতে হাজির করা হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
রাজশাহী প্রতিনিধি জানান, বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএসবির রাজশাহী প্রতিনিধি ও দৈনিক সংবাদের বার্তা পরিবেশক জাহাঙ্গীর আলম আকাশের বিরুদ্ধে মঙ্গলবার বোয়ালিয়া থানায় মামলা করেছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুল আলম লোটন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, আকাশের বিরুদ্ধে গত ২০ জুন বিরুদ্ধে থানায় অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা লোটন। তদন্ত শেষে মঙ্গলবার এটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
বাদির অভিযোগ, আকাশ এবং তার দুই সঙ্গী গত ১৩ এপ্রিল বিকালে নগরীর কাদিরগঞ্জের সাফা ওয়াং কমিউনিটি সেন্টারের পাশে ফাঁকা জায়গায় তাকে ডেকে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে টেলিভিশনে খবর প্রচারের হুমকি দিলে কয়েকদিনের মধ্যে বাদি ২০ হাজার টাকা দেন।
গত ৬ জুন আকাশ বাকি ৩০ হাজার টাকার জন্য বাদিকে হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সাভার প্রতিনিধি জানান, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও দৈনিক ইনকিলাবের সাভার সংবাদাদাতা গোলাম মোস্তফা এবং দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি আসাদুজ্জামান নিয়ামের বিরুদ্ধে মঙ্গলবার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর মহাপরিচালক জাহাঙ্গীর আলম।
লিখিত অভিযোগে বলা হয়, সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ওই দুই সাংবাদিক দীর্ঘ দিন ধরে জাহাঙ্গীর আলমের কাছে চাঁদা দাবি করছিলো। মঙ্গলবার সকালেও তারা চাঁদা দাবি করে।
তবে অভিযুক্ত দুই সাংবাদিক চাঁদা দাবির কথা অস্বীকার করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৩ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাবে বিএলআরআইয়ের দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের রেশ ধরেই ওই প্রতিষ্ঠানের মহাপরিচালক জিডিটি করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/সংবাদদাতা/প্রতিনিধি/এএল/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24