বরিশাল, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, "ভূঁইফোড় রাজনীতিবিদদের কবল থেকে রাজনীতিকে মুক্ত করার আমার চেষ্টা করছি আমরা। এ লক্ষ্যে বাধ্যতামূলক নিবন্ধনের মাধ্যমে কমিশন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্র্চা নিশ্চিত করতে চায়।"
মঙ্গলবার বিকেলে বরিশাল জেলা মিলনায়তনে ছবিযুক্ত ভোটার তালিকার জন্য তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, "আমরা চাই এ দেশে প্রকৃত রাজনীতকরা আবার রাজনীতিতে ফিরে আসুক। এ জন্যই আমরা নিরলসভাবে ছবিযুক্ত ভোটার তালিকার কাজ করে যাচ্ছি।"
জেলা প্রশাসক মঞ্জুর-ই-এলাহীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আবু সাঈদ মো. আলী, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা মেহেদী হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।
মনিরুজ্জামান পরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ৩০ সেপ্টেম্বর থেকে বরিশাল জিলা স্কুলে তথ্য সংগ্রহকারীদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। এতে ৩০ জন সুপারভাইজার, ১৫৯ জন তথ্য সংগ্রহকারীসহ মোট ৯২৩ জন অংশ নিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২১৪১ ঘ.
bdnews24