ফেনী, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের অভিযোগে পলাতক আওয়ামী লীগ নেতা ও ফেনী-২ আসনের সাবেক সাংসদ জয়নাল হাজারী ও তার ছোট বোন খোদেজা হাজারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক সফিকুর রহমান বাদি হয়ে মঙ্গলবার ফেনী সদর থানায় এ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই জয়নাল হাজারীর ছোট বোন খোদেজা হাজারীকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্নীতি দমন সংক্রান্ত টাস্কফোর্স ও পুলিশের যৌথদল ফেনী শহরের মাস্টার পাড়ার বাসা থেকে খোদেজা হাজারীকে গ্রেপ্তার করে। দুপুরে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী খোদেজা হাজারী ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনে ফেনী-২ আসনে ১৪ দলের প্রার্থী ছিলেন।
নির্ধারিত সময়ে সম্পদের হিসাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অপর একটি মামলায় ইতোপূর্বে জয়নাল হাজারীর তিন বছর সাজা হয়।
মঙ্গলবার দায়ের করা মামলায় এজাহারে বলা হয়েছে, জয়নাল হাজারী অসাধু উপায়ে অর্জিত এক কোটি টাকা ১৯৯৯ সালের ৫ জানুয়ারি তার ছোট বোন খোদেজা বেগমের নামে স্থায়ী আমানত হিসেবে (এফডিআর) রূপালী ব্যাংক ফেনী শাখায় রাখেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফেনী শাখায় জয়নাল হাজারীর নামের একটি সঞ্চয়ী হিসাব থেকে ওই টাকা খোদেজা হাজারীর নামে জমা করা হয়।
এজাহারে বলা হয়, স্থায়ী আমানতের লভ্যাংশের টাকা গত আট বছর ধরে খোদেজা বেগম চেকের মাধ্যমে তুললেও তিনি তার আয়করের নথিতে বিষয়টি গোপন করেন। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের সময় গত ২০ জুন খোদেজা বেগম তার নামের ওই স্থায়ী আমানতের টাকা তার ভাই জয়নাল হাজারীর বলে স্বীকার করেন।
এছাড়াও দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ জয়নাল হাজারীর বেশ কিছু অস্থাবর সম্পদ ধরা পড়ে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এসব সম্পদের মধ্যে রয়েছে, ন্যাশনাল ব্যাংক ফেনী শাখায় ৩ হাজার ৯৩৩ টাকা. ইউসিবিএল ফেনী শাখায় ৪৭ হাজার ৯২৩ টাকা, ৬ লাখ ৩২ হাজার টাকা দামের একটি টয়োটা গাড়ি, ২ লাখ ৮১ হাজার টাকার একটি জিপ, ২ লাখ ৪৯ হাজার টাকার একটি মাইক্রোবাস, ৩০ হাজার টাকার একটি মোটর সাইকেল, ৩০ হাজার টাকার একটি জেনারেটর মিলিয়ে মোট ১৩ লাখ ৩৯ হাজার ১২২ টাকার সম্পদ।
সব মিলিয়ে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১৩ লাখ ৩৯ হাজার ১২২ টাকার সম্পদ অর্জন ও পারস্পরিক যোগসাজশে সংরক্ষণের অভিযোগে 'দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭ (১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় সফিকুর রহমান এ মামলা দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩১ ঘ.
bdnews24