২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমন্বিত কাজের মাধ্যমে মঙ্গা জয় সম্ভব: সি এস করিম

কৃষি, মৎস্য ও পশু সম্পদ উপদেষ্টা ড. সি এস করিম বলেছেন, "সদিচ্ছা থেকে সমন্বিতভাবে কাজ করলে মঙ্গা জয় করা সম্ভব। মঙ্গা দূর করা কঠিন কিন্তু অসম্ভব নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 10:49 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কৃষি, মৎস্য ও পশু সম্পদ উপদেষ্টা ড. সি এস করিম বলেছেন, "সদিচ্ছা থেকে সমন্বিতভাবে কাজ করলে মঙ্গা জয় করা সম্ভব। মঙ্গা দূর করা কঠিন কিন্তু অসম্ভব নয়।" মঙ্গলবার রাজধানীর স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) মিলনায়তনে বেসরকারি সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত দুদিনব্যাপী জাতীয় কর্মশালার শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। উপদেষ্টা বলেন, "মঙ্গা প্রতিবছর ঘুরে ফিরে নির্দিষ্ট সময়ে আসে। ওই সময় মঙ্গাক্রান্ত জেলায় কোনো কাজ থাকে না। আগে অনেক জেলার মানুষ মঙ্গাক্রান্ত হতো। এখন মাত্র কয়েকটি জেলায় এটি হয়। সবাই মিলে সমন্বিতভাবে কাজ করলে মঙ্গাকে দূর করা সম্ভব।" তিনি বলেন, "মঙ্গার সময়ে কিছু কৃষিজাত ফসলের চাষ করলে এ সমস্যা দূর করা সম্ভব। দেশের ৫০ হাজার মৌজার সয়েল রিপোর্ট অনুসারে মৌজাভিত্তিক ফসলের ক্যালেন্ডার আমার তৈরি করব। এরপর কোন মাটি কোন ফসলের জন্য উপযোগী সেটি বিবেচনা করে ওইসব এলাকায় মঙ্গার সময়ে সে ধরনের ফসল রোপণ করা হবে।" পিপিআরসি'র নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান মূল প্রবন্ধে বলেন, শুধু ত্রাণ দিয়ে মঙ্গা দূর করা সম্ভব নয়। এর জন্য বহুমুখী কৃষি ও কৃষিজাত পণ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অভিবাসনের সুযোগ দিতে হবে। মঙ্গাক্রান্ত এলাকার লোকজনকে প্রশিক্ষণ দিয়ে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে মৎস্য ও পশুসম্পদ সচিব সৈয়দ আতাউর রহমান বলেন, "মঙ্গা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। একে দূর করা সম্ভব। সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা মঙ্গাকে ইতিহাসের পাতায় দেখতে পারব।" তিনি বলেন, "শুধু মৎস্য চাষের মাধ্যমে সারাদেশের দারিদ্র্য দূর করা সম্ভব। মঙ্গাক্রান্ত জেলার জনগণকে সঙ্গে নিয়ে ওই এলাকার সব জলাশয়কে মাছ চাষের আওতায় আনা হবে।" মঙ্গাকে ইতিহাসের পাতায় পাঠানোর ব্যাপারে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা ডিএফআইডি'র আবাসিক প্রতিনিধি ক্রিস অস্টিন বলেন, মঙ্গা দূর করার জন্য আমরা সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর প্রধান ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, "মঙ্গা হলো বাংলাদেশের চরম দারিদ্র্যের বহিঃপ্রকাশ। মঙ্গার জন্য একটি আগাম সতর্কীকরণ ব্যবস্থা থাকা দরকার।" তিনি বলেন, "কাগজে কলমে মঙ্গা সমস্যার অনেক সমাধান পাওয়া যায়। বাস্তবে পাওয়া যায় না। মাঠ পর্যায়ে সংশ্লিষ্টদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মঙ্গা দূর করতে হবে। এজন্য সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং সব প্রতিষ্ঠানের ফলাফলের মূল্যায়ন করতে হবে।" কর্মশালায় সাবেক কৃষিমন্ত্রী মতিয়া রহমান বলেন, "অর্থ উপদেষ্টা বলেছিলের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। কিন্তু আজকের সেমিনার মঙ্গার উদ্ভবকে স্বীকৃতি দিচ্ছে আর বলে দিচ্ছে ওইসব এলাকায় মানুষের ক্রয় ক্ষমতা বাড়েনি।" কর্মশালায় আরও বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মো. নজরুল ইসলাম, সাবেক সচিব কিউ আই সিদ্দীকি প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএনডি/১৬৪৬ ঘ.