যশোর, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোরে চালকে খুন করে দুটি মোটর সাইকেল নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রূপদিয়ার মুন্সেফপুর এলাকায় ভৈরব নদীর তীরে দুই চালকের লাশ পাওয়া যায় বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মতিন জানিয়েছেন।
নিহতরা হলেন, জেলা শহরের চাচড়া এলাকার নূর আলীর ছেলে শামীম এবং মনিরামপুর উপজেলার তাহেরপুরের আকবর আলীর ছেলে মাহবুব।
ওসি মতিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার সন্ধ্যার দিকে চাচড়া মোড় থেকে খুনিরা শামীম ও মাহবুবের মোটর সাইকেল দুটি ভাড়া করে। দুই চালক রাতে আর বাড়ি ফেরেনি। আজ (মঙ্গলবার) বেলা ১২টার দিকে নদীর ধারে তাদের লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।"
লাশের পাশে তাদের মোটর সাইকেল দুটি ছিল না বলে এম এ মতিন জানান।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ সুপার ইকবাল বাহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে সোমবার রাতে যশোর কিশোর সংশোধন কেন্দ্রে সুমন হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত কিশোর জসিমকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মতিন জানান।
সোমবার রাতে সংশোধন কেন্দ্রে খুন হয় সুমন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৬ ঘ.
bdnews24