ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফেঅর ডটকম)- বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজ পালন করতে যাবেন তাদের বাড়ি ভাড়া ও খাওয়া খরচের জন্য জনপ্রতি সর্বোচ্চ চার হাজার সৌদি রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় ৭২ হাজার টাকার কিছু বেশি নিতে পারবে এজেন্সিগুলো।
কোনো অবস্থাতেই চার হাজার রিয়ালের বেশি ছাড় না করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার এ বিষয়ে একটি আদেশ বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদন পাওয়া ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এ আদেশে বলা হয়, " সরকার ২০০৭ সালে সৌদি আরবে বেসরকারি ব্যস্থাপনায় যেতে ইচ্ছুক হজযাত্রীদের বাড়ি ভাড়া ও খাওয়া খরচের জন্য জন প্রতি চার হাজার সৌদি রিয়াল এজেন্সিগুলোর অনুকুলে ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে।"
সরকারের এ সিদ্ধান্তের পরিপেক্ষিতে অনুমোদিত হজ এজেন্সিগুলোর অনুকুলে অনুমোদিত সীমার আওতায় নগদ, টিসি, এফডিডি, এফটিটির মাধ্যমে বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে বলে আদেশে জানানো হয়।
ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা ছাড় করার বিষয়ে প্রচলিত নিয়মে কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিপোর্ট করার নির্দেশও দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএসবি/২২৫৬ ঘ.
bdnews24