২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে প্রথম পর্যায়ের ছাত্র আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত: কমিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আটক আরও দুই শিক্ষকের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারবিভাগীয় তদন্ত কমিশন প্রধান বিচারপতি হাবিবুর রহমান বলেছেন, "২০ আগস্ট খেলার মাঠের ঘটনার পর প্রথম দিকে ছাত্রদের আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। পরে এটি অন্য খাতে প্রবাহিত হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 01:05 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আটক আরও দুই শিক্ষকের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারবিভাগীয় তদন্ত কমিশন প্রধান বিচারপতি হাবিবুর রহমান বলেছেন, "২০ আগস্ট খেলার মাঠের ঘটনার পর প্রথম দিকে ছাত্রদের আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। পরে এটি অন্য খাতে প্রবাহিত হয়েছে।" কমিশন সোমবার ঢাবি শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্য ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশীদ এবং অধ্যাপক নিমচন্দ্র ভৌমিকের সাক্ষ্য নেয়। পরে ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলালও সাক্ষ্য দেন। রাজধানীর সার্কিট হাউসে তদন্ত কমিশন কার্যালয়ে সকাল ১১টা থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। শেষ হয় দুপুর আড়াইটার দিকে। বিচারপতি হাবিবুর রহমান বলেন, অধ্যাপক হারুন শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সভা ও সাধারণ সভায় উপস্থিত ছিলেন। সভাগুলোতে শিক্ষকরা সম্মিলিতভাবে বিভিন্ন দাবি দাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন বলে তিনি জানিয়েছেন। অধ্যাপক হারুন বলেন, শহীদ মিনারে মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রদের বাদ দেওয়া যায়নি। তবে শহীদ মিনারে অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক সদরুল আমিনের দেওয়া বক্তব্যে ক্যাম্পাস থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের জন্য ধন্যবাদ জানানো হয়। সাক্ষ্য দেওয়ার সময় কমিশন কার্যালয়ে অধ্যাপক হারুন অর রশীদের সঙ্গে দেখা করতে আসেন তার স্ত্রী নার্গিস রশীদ। এ সময় তার কাছে বিশ্ববিদ্যালয়ের কিছু কাগজপত্র চাওয়া হয়েছে বলে জানান কমিশন প্রধান। এরপর প্রায় ২০ মিনিট ধরে অধ্যাপক নিমচন্দ্র ভৌমিকের সাক্ষ্য নেওয়া হয়। বিচারপতি হাবিবুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিষয়ে তিনি কিছু জানেন না বলে কমিশনকে সাক্ষ্য দিয়েছেন। অভিযোগপত্রে নাম আসার কারণে আত্মসমর্পণ করেছেন বলেও জানিয়েছেন অধ্যাপক নিমচন্দ্র। কমিশন কার্যালয়ে তার স্ত্রী মনিকা ভৌমিক ও মেয়ে দোলা দেখা করতে যান। এরপর কমিশনকে দেওয়া সাক্ষ্যে ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল বলেন, তাকে যে মামলায় আটক করা হয়েছে তার চূড়ান্ত প্রতিবেদন থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। খেলার মাঠের ঘটনায় কেন তাকে আটক করা হয়েছে তা জানা নেই বলে কমিশনকে জানান আজিজুল বারী হেলাল। হেলাল বলেছেন, ওই দিন ঘটনাস্থলে তিনি ছিলেন না। ঘটনার পর কারো সঙ্গে তার এ বিষয়ে কথাও হয়নি। স্বীকারোক্তি দিয়েছেন বলে পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন দাবি করেছেন তিনি। সাক্ষ্য গ্রহণ শেষে স্ত্রী বুশরা হেলাল তার সঙ্গে দেখা করেন। কমিশন প্রধান সাংবাদিকদের জানান, আগামী ৫ অক্টোবরের মধ্যে প্রাথমিক সাক্ষ্যগ্রহণ শেষ হবে। ২ অক্টোবর কয়েকজন সাংবাদিকের সাক্ষ্য নেবে কমিশন। এর পরদিন এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামের সাক্ষ্য নেওয়া হবে। সোমবার পর্যন্ত সাক্ষ্য দেওয়া ৮৬ জনের বক্তব্যের মধ্যে কোনো মিল বা অমিল পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, "ধীরে ধীরে সাক্ষীর সংখ্যা বাড়ছে, কিছু ব্যাপারে কারো কারো দ্বিমতও পাওয়া গেছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/জেকে/এমএ/১৮৫৫ ঘ.