ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিদেশী সাহায্য দেশের উন্নয়নকে অনেক সময় বাধাগ্রস্ত করে এবং দুর্নীতিতে আমাদের সাহায্য করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
সোমবার বিশ্ব বসতি দিবস উপলক্ষে গণপূর্ত ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, '' আমাদের দেশে অনেক সম্পদ আছে। এর বাইরেও বিদেশ থেকে প্রচুর সম্পদ এসেছে। আমার মাঝে মাঝে মনে হয়, বিদেশী সাহায্য আমাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। দুর্নীতি বাড়াতে সাহায্য করেছে। এসব বিদেশী সাহায্য নিয়ে লুটপাট হয়েছে।''
হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়ার তথ্য সরকারের কাছে আছে বলে উল্লেখ করেন ব্যারিস্টার মইনুল। এ ছাড়া তিনি জানান, অনেকেই আমেরিকা মালয়েশিয়ায়সহ বিভিন্ন স্থানে বাড়িঘর করেছেন এবং বিদেশে মার্সিডিজ গাড়ি নিয়ে বেড়ান।
আইন উপদেষ্টা বলেন, '' যারা বিদেশে আছেন তারা মনে করেছে সেখানে গিয়ে ভাল থাকবে। এমন ব্যাপারও রয়েছে স্বামীরা জেলে তাদের স্ত্রীরা বিদেশে ভালই আছেন। কিভাবে তারা এ সাহস পেয়েছে। এ ব্যর্থতা আমাদের সবার।''
তিনি অভিযোগ করে বলেন, "আমরা ব্যর্থ হচ্ছি এটা দেখানোর জন্য একটি মহল ব্যস্ত হয়ে পড়েছে। অথচ সমস্যা কিভাবে সমাধান সম্ভব সে দিকে কেউ নজর দিচ্ছে না।"
দেশের অর্থনীতির স্বার্থে এবং ব্যবসায়ীদের ভয় দূর করার জন্য তাদের নিয়ে সরকার চিন্তাভাবনা করছে উল্লেখ করে আইন উপদেষ্টা আবারো আশ্বাস দিয়েছেন, আর কোন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হবে না।
উপদেষ্টা বলেন '' আর কোন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হবেনা। তবে কোন ব্যবসায়ীর বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে তাকে 'পেনাল্টি' (জরিমানা) দিতে হবে।"
তিনি উল্লেখ করেন, দেশকে গড়ে তুলতে সমন্বিত নেতৃত্বের প্রয়োজন রয়েছে।
বিশ্ব বসতি দিবস প্রসঙ্গে ব্যারিষ্টার মইনুল বলেন, "বাংলাদেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ মানুষ শহরে বাস করে। সে হিসেবে ১৫ কোটি জনসংখ্যার ৫ কোটিই শহরের। আমাদের নগরায়ন এখনও উন্নত দেশগুলোর স্তরে পৌঁছায়নি।"
তিনি নগর জীবনকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত করার পাশাপাশি ছিন্নমুল মানুষের মাথা গোঁজার ঠাঁই করার ওপর গুরুত্বারোপ করেন। এ জন্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের কথা তিনি তুলে ধরেন।
পূর্ত অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নগর পরিকল্পনাবিদ সালমা শফি। আলোচনায় অংশ নেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এ এস এম আবদুল হাই, গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুল কাইয়ূম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুল্লাহ আল শফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কিউ এম মাহবুব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম মুর্তজা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/ইএইচবি/এমএসবি/এমএ/১৮৪৪ঘ.
bdnews24