২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের কথা বললেন বিশেষজ্ঞরা

উত্তরাঞ্চলের মঙ্গা মোকাবিলায় দীর্ঘ মেয়াদি সমন্বিত পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, মঙ্গা পরিস্থিতি মোকাবিলায় গ্রামীণ, ব্র্যাক, আশাসহ বড় বড় এনজিওগুলোর পাশাপাশি ছোট ছোট এনজিওগুলো কাজ করলেও সমন্বয়ের অভাবে কাঙ্খিত সুফল পাওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা মঙ্গাকবলিত এলাকায় প্রায় ৯০ হাজার একর খাস জমি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বণ্টনের জন্যও সরকারের কাছে আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 09:42 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - উত্তরাঞ্চলের মঙ্গা মোকাবিলায় দীর্ঘ মেয়াদি সমন্বিত পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, মঙ্গা পরিস্থিতি মোকাবিলায় গ্রামীণ, ব্র্যাক, আশাসহ বড় বড় এনজিওগুলোর পাশাপাশি ছোট ছোট এনজিওগুলো কাজ করলেও সমন্বয়ের অভাবে কাঙ্খিত সুফল পাওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা মঙ্গাকবলিত এলাকায় প্রায় ৯০ হাজার একর খাস জমি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বণ্টনের জন্যও সরকারের কাছে আহ্বান জানান। সোমবার রাজধানীর স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) মিলনায়তনে বেসরকারি সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় কর্মশালার প্রথম দিনে বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন। পিপিআরসি'র নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, অর্থনীতিবিদ আতিউর রহমান, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন খান, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন, এলজিইডি এর প্রধান প্রকৌশলী শহীদুল হাসান, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ্ ফারুকী, সাহাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান টুকুসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, "বন্যা সমস্যা মোকাবিলায় তাৎক্ষণিক সমাধানের চিন্তা করা ঠিক হবে না। অতি দরিদ্রদের দারিদ্র্য চিরতরে দূর করতে হলে দীর্ঘ মেয়াদি ও সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে পিকেএসএফ এর তত্ত্বাবধানে এনজিওগুলোর সমন্বয়ে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে।" তিনি আরও বলেন, "মঙ্গাকবলিত এলাকার মানুষ এবারের মঙ্গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ বন্যায় এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে তারা আরও বেশি সমস্যগ্রস্ত হবেন।" মঙ্গাকবলিত এলাকায় বিনামূল্যে খাদ্য, গবাদিপশু বিতরণের পাশাপাশি সরকারি উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে সিলেট, মৌলভীবাজার এলাকার মতো মঙ্গা কবলিত এলাকার লোকজন যাতে বিদেশে চাকরির সুযোগ পায় সে ব্যাপারে সরকারের সহযোগিতার আশা করেন। অর্থনীতিবিদ আতিউর রহমান বলেন, "মঙ্গাকবলিত এলাকায় অবকাঠামো উন্নয়নের দিকে সবচেয়ে বেশি জোর দিতে হবে। অবকাঠামো উন্নয়ন হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, মানুষের আয় বাড়বে।" মোস্তাকিম বিল্লাহ ফারুকী বলেন, "আমি দুই বছর মঙ্গা কবলিত এলাকায় থেকে দেখেছি এসব এলাকায় দারিদ্র্যের প্রধান কারণ শিক্ষার অভাব। শিক্ষার অভাবের কারণে তারা কিভাবে দারিদ্র্য বিমোচন করতে হবে তা জানে না। দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন সহায়তার পাশাপাশি শিক্ষার দিকেও বিশেষ নজর দেওয়া উচিত।" মাহবুবুর রহমান টুকু বলেন, "মঙ্গা এলাকায় এনজিওগুলো বিচ্ছিন্নভাবে কাজ করছে। এমনও দেখা গেছে কোনো গ্রামে সাড়ে ছয় হাজার পরিবার সাত হাজার ঋণ পেয়েছে। একই ব্যক্তি দুই, তিন এনজিও থেকে ঋণ নিয়েছেন।" তিনি উদাহরণ দিয়ে বলেন, "এক ব্যক্তি আশার কাছ থেকে ঋণ নিয়ে গ্রামীণ ব্যাংকের ঋণ পরিশোধ করেছেন। আবার গ্রামীণ ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে ওই একই ব্যক্তি ব্র্যাকের ঋণ পরিশোধ করেছেন। এভাবে ঋণ দেওয়া আর ঋণ আদায় করা ছাড়া এনজিওগুলো মঙ্গা মোকাবিলায় তেমন কোনো কাজ করছে না।" তিনি মঙ্গা মোকাবিলায় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে এনজিওগুলোকে সমন্বিত পরিকল্পনা গ্রহণের অনুরোধ জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমএ/১৫৩০ঘ.