যুগান্তরের বিরুদ্ধে বাবরের মানহানি মামলা
লুৎফুজ্জামান বাবর দৈনিক যুগান্তর এর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন। আদালত শুনানি শেষে পত্রিকাটির ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছেন। (আরও তথ্যসহ)
বৃহস্পতিবার দুপুরে মুখ্য ঢাকা মহানগর হাকিম আদালতে সশরীরে উপস্থিত হয়ে তিনি এ মামলা করেন।
মহানগর মুখ্য হাকিম আবদুল্লাহ হেল বাকীর আদালত শুনানি শেষে আগামী ২৭ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম, সম্পাদক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক অরুণ দে, প্রধান প্রতিবেদক মাহমুদ হাসান, সাবেক বার্তা সম্পাদক আহমেদ ফারুক হাসান, প্রধান প্রতিবেদক রফিকুল ইসলাম রতন-- এই ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার আর্জিতে বলা হয়েছে, পত্রিকাটি ৬ নভেম্বর, ৯ নভেম্বর ও ১৫ জানুয়ারি সংখ্যায় লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও অসত্য সংবাদ প্রকাশ করেছে। এসব সংবাদের প্রতিবাদ দেওয়া হলেও তা প্রকাশ করা হয়নি। এর ফলে সমাজে তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
ফৌজদারি কার্যবিধির ২৩৪ ধারায় এই মামলাটি রুজু করা হয় এবং আর্জিতে দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চায়। পরে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেন।
মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রুহুল আমিন ভূঁইয়া। এ সময়ে আদালতে ৫০ জনেরও বেশি আইনজীবী উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে যুগান্তর এর উপ সম্পাদক সাইফুল আলম নফহবংি২৪.পড়স কে বলেন, “হয়তো আমরা তার প্রতিবাদ পত্র পাইনি। পেলে না ছাপার কোনো কারণ নেই। আমরা তো অতীতেও তার প্রতিবাদ ছেপেছি।”
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে বাবর যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে মানহানির আরেকটি মামলা করেছিলেন।
