চট্টগ্রামে ২ ওয়ার্ড কমিশনার ও এক বিএনপি নেতা আটক
সেনা সদস্যরা চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই ওয়ার্ড কমিশনার এবং মিরসরাই থানার এক বিএনপি নেতাকে আটক করেছে।
আটককৃতরা হলেন নগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের কমিশনার জহরলাল হাজারী ও ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কমিশনার মোহাম্মদ হোসেন হিরণ এবং মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ওরফে দেলু। হাজারী ও হিরণ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কমিশনার।
সেনা সূত্র জানায়, রোববার রাত ১২ টায় নগরীর হাজারী গলিতে অবস্থিত নিজ বাসভবন থেকে হাজারীকে এবং সোমবার সকাল ১১ টায় ওয়ার্ড কমিশনার কার্যালয় থেকে হিরণকে আটক করা হয়।
এদিকে সেনা অভিযান চলাকালে পার্বত্য এলাকা মহালছড়ি এবং পানছড়ি থেকে সাতজনকে আটক করা হয়েছে। এরা হলেন মহালছড়ি থেকে মোহাম্মদ বেলাল, মো. নজরুল ইসলাম ও রফিকুল ইসলামকে এবং পানছড়ি থেকে জহির মিয়া, মনির হোসেন, আবদুল লতিফ ও সানজিদ বড়–য়া।
এ ছাড়া অপর এক অভিযানে রোববার রাত দেড়টায় মিরসরাই উপজেলার করেরহাটে নিজ বাড়ি থেকে আটক করা হয় দেলোয়ার হোসেনকে। সোমবার দুপুর দেড়টা পর্যন্ত তাকে সেনা হেফাজতে রাখা হয়েছে।
কোতোয়ালী থানার কর্মকর্তা এসআই মোহাম্মদ ওমর বলেন, “সেনা সদস্যরা হাজারীকে রাত তিনটায় কোতোয়ালী থানা পুলিশের হাতে তুলে দেয়। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তার বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।”
ওয়ার্ড কার্যালয়ের অফিস পিয়ন শামসুল আলম জানান, সোমবার সকাল ১১ টায় পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ে দাপ্তরিক কাজ করার সময় সেনাবাহিনীর একটি দল ওয়ার্ড কমিশনার হিরণকে আটক করে নিয়ে যায়। দুপুর সোয়া ১ টা পর্যন্ত তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি বলে খুলশী থানা সূত্রে জানা গেছে।
আটক দুইজনকে পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সেনা সূত্র জানিয়েছে।
