২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিল চোরাচালানের অভিযোগে সাতক্ষীরায় দুই পুলিশ সাসপেন্ড

ভারত থেকে ফেনসিডিল চোরাচালানে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা ডিবি পুলিশের এসআই ছকমল ও কনস্টেবল মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 10:28 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা--কালিগঞ্জ সড়কের বাঙালের মোড়ে ২০০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করার পর পুলিশের প্রাথমিক তদন্তে মূল অপরাধী হিসাবে এই দুজনের নাম বেরিয়ে আসে।

তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাতক্ষীরা সহকারি পুলিশ সুপার দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ কালিগঞ্জ সড়কের বাঙাল মোড়ে ২০০ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেট কার আটক করে।

এ সময় গাড়ির চালকসহ আরও দুজন পালিয়ে যায়।

সাতক্ষীরা সহকারি পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাঈদী জানান, বৃহস্পতিবার রাতে প্রাইভেটকারের মালিক তুহীনের মাধ্যমে গাড়ির চালক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাবু গাজীকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবদে বাবু গাজী জানায়, বৃহস্পতিবার তার গাড়ি ডিবি পুলিশের এসআই ছকমল ও কনস্টেবল মোস্তাফিজুর রহমান ভাড়া করে দেবহাটা উপজেলার কুলিয়া সীমান্তে নিয়ে যায়।

সেখান থেকে এক বস্তা ফেন্সিডিল নিয়ে সাতক্ষীরা ফেরার পথে পুলিশের তাড়া খেয়ে তারা গাড়ি ফেলে পালিয়ে যায়।

পুলিশের একটি সূত্র জানায়, এসআই ছকমলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ফেন্সিডিল ব্যবসা করছিল।

সাতক্ষীরা সহকারি পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় গাড়ির চালক বাবু গাজীসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এসআই ছকমল ও কনস্টেবল মোস্তাফিজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।