নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১
পোরশা উপজেলার নিতপুর সীমান্তে শুক্রবার রাতে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। উপজেলার দুয়ারপাল গ্রামের নিতপুর সীমান্তের ২৩২ নম্বর মেইন পিলারের পাশে জিরো পয়েন্টে শুক্রবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম তরিকুল ইসলাম (২৭)। তিনি সান্তাহার উপজেলার কলন্ধুডাঙ্গা গ্রামের রুহুল আমিনের ছেলে। বিএসএফ তরিকুলের লাশ ভারতে নিয়ে যায়।
আহত দুজন হলেন হাবিবুর রহমান (২২) ও তোফাজ্জল হোসেন(৩০)। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার নিতপুর বিডিআর ক্যাম্পের কোম্পনি কমান্ডার তাহের জানিয়েছেন, নিহত তরিকুল ইসলামের লাশ ফেরত চেয়ে তিনি ভারতের ১৭২ নম্বর কাদেরী পাড়া ক্যাম্পে চিঠি দিয়েছেন। তবে বিএসএফ এ চিঠির কোনো সাড়া দেয়নি।
এলাকাবাসী ও নিতপুর বিডিআর ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, শুক্রবার রাতে সীমান্ত দিয়ে একটি গরু আনার সময় বিএসএফ এদের লক্ষ করে গুলি ছোঁড়ে।
