তেঁতুলিয়া সীমান্তে আহত স্কুল ছাত্রের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে শুক্রবার বিএসএফের গুলিতে আহত মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ইয়াকুব (১০) মারা গেছে। গুরুতর আহত অবস্থায় ওইদিন রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
ইয়াকুব পেদিয়াগছ গ্রামের আবদুল মোতালেবের ছেলে।
বিডিআর সূত্র জানায়, শনিবার সকালে তেঁতুলিয়ার সারিয়ালজোত সীমান্তের ৪৪২ নং মেইন পিলার সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় বিডিআর-- বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের ১০ বিএন বিএসএফের নয়াবাড়ি কোম্পানি কমান্ডেন্ট এ সি পারমার ও বিডিআরের তেঁতুলিয়া কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আজিজ নেতৃত্ব দেন।
দু’ঘন্টাব্যাপী বৈঠকে বিডিআর এ ঘটনার জন্য বিএসএফকে দায়ী করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
শুক্রবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে ৪৩২ নং মেইন পিলার সংলগ্ন বাংলাদেশী এলাকায় নিজেদের জমির সীমানা নির্ধারণ করার সময় ভারতের নয়াবাড়ি বিএসএফ ফাঁড়ির সদস্যরা কাঁটাতারের বেড়ার বাইরে এসে অতর্কিতে বাংলাদেশী নাগরিকদের ওপর ১০/১২ রাউন্ড গুলি চালায়। এতে মোবারক আলী (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ইয়াকুবসহ আরও তিনজন গুলিবিদ্ধ ও আহত হয়। গুলিবিদ্ধ শহিদুল (২০), আলী (৩০) ও সাহাবুদ্দিন (২০) তেঁতুলিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে। হতাহতদের সবার বাড়ি ওই সীমান্তের পেদিয়াগজ গ্রামে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, বিডিআর-- বিএসএফ উভয়ই সীমান্তে রেড এলার্ট জারি করেছে। গুলিতে দু’জন নিহত হওয়ায় পেদিয়াগছ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে নতুন করে সংঘর্ষের আশঙ্কায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর শেখ ফরিদ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা স্বীকার করে বলেন, বিএসএফ কর্তৃপক্ষ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
তিনি জানান, সীমান্তে রেডএলার্ট জারি করে বিডিআর সতর্ক অবস্থান নিয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
